রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারের প্রস্তুতি!

882

ঢাকা সংবাদদাতা: আগামী মঙ্গলবার প্রথম দফায় একদল রোহিঙ্গা মিয়ানমারে ফিরবে। শনিবার দেশটির সংবাদ মাধ্যম গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমারের এক প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে গত সপ্তাহে যে চুক্তি হয়েছে, সে অনুযায়ী তাদের ফিরিয়ে নেয়া হবে।

প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গাদের ফেরানোর প্রস্তুতির জন্য রাখাইনের মুখ্যমন্ত্রী ইউ নি পু’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত শুক্রবার দুটি ক্যাম্প পরিদর্শন করেন। ক্যাম্পে থাকার ঘর, স্বাস্থ্য সেবা কেন্দ্র ও স্যানিটেশন ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত করতে তাগিদ দেন তিনি। ক্যাম্প পরিদর্শনের একটি ছবিও প্রকাশ করা হয়েছে মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদপত্রের ওই প্রতিবেদনে। কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা প্রাঙ্গণে কাঠের তৈরি বড় বড় ঘর দেখা গেছে ওই ছবিতে।

গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার বলছে, মঙ্গলবার স্বাক্ষরিত ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ অনুযায়ী সপ্তাহে পাঁচ দিন রোহিঙ্গাদের গ্রহণ করবে মিয়ানমার। যেদিন যাদের পাঠানো হবে, তাদের তালিকা আগেই মিয়ানমার কর্তৃপক্ষকে দেবে বাংলাদেশ।