ভারতে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন: নিহত ১৭

978

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লিতে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুনে ১৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন নারী রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

আগুন নেভানোর চেষ্টা করছে দমকল বাহিনীর ২০টি ইউনিট। দমকল বাহিনীর এক কর্মকর্তা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দিল্লির বাওয়ানা শিল্পাঞ্চলের কারখানাটিতে আগুন লাগে। কারখানায় প্লাস্টিক এবং দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানায় দমকল বাহিনী।

এখন পর্যন্ত একতলায় তিনজনের, দোতলায় ১৩ জন ও কারখানার বেইসমেন্ট থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। ভেতরে নারীসহ আরও কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে দমকল বাহিনী।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।