বই পড়ার অভ্যাস ফেরাতে ইংল্যান্ডের সরকারের বড় পদক্ষেপ…

29

সাইফ হাসান: ইংল্যান্ডের স্কুলগুলোতে শিক্ষার্থীদের আনন্দের জন্য বই পড়ার নির্দিষ্ট সময় রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। জাতীয় পাঠ্যক্রম সংস্কারের অংশ হিসেবে সোমবার পার্লামেন্টে এই নতুন পরিকল্পনার ঘোষণা দেবেন শিক্ষামন্ত্রী লুসি পাওয়েল। শিশুদের মধ্যে ডিজিটাল স্ক্রিনের আসক্তি কমানো এবং সাক্ষরতার হার বাড়াতেই লেবার সরকার এই উদ্যোগ নিচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রতিদিন এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সপ্তাহে কয়েক দিন শিক্ষার্থীদের গল্প বা সাহিত্যের বই পড়ার সুযোগ দিতে হবে।

প্রস্তাবিত এই সংস্কারের আওতায় অষ্টম শ্রেণির বা ইয়ার এইটের শিক্ষার্থীদের জন্য একটি বাধ্যতামূলক রিডিং টেস্ট বা পঠন পরীক্ষা চালু করা হবে। এছাড়া মাধ্যমিক বিদ্যালয়গুলোকে নিশ্চিত করতে হবে যেন শিক্ষার্থীরা খণ্ডিত অংশের পরিবর্তে পুরো বই, কবিতা এবং অন্যান্য সাহিত্যকর্ম পড়ে। শিক্ষামন্ত্রী লুসি পাওয়েল জানিয়েছেন, বিশ্বজুড়ে শিশুদের বই পড়ার আগ্রহ কমে যাওয়া ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে, তাই শিক্ষার মূল ভিত্তি শক্ত করতে এই পদক্ষেপ নেওয়া জরুরি।

বই পড়ার এই উদ্যোগের পাশাপাশি ইংল্যান্ডের পাঠ্যক্রমে আরও কিছু পরিবর্তনের ঘোষণা আসতে পারে, যার মধ্যে কয়েকটি জিসিএসই বিষয়ের পরীক্ষার সময় কমানোর বিষয়টিও রয়েছে। ধারণা করা হচ্ছে, ইতিহাস, ভূগোল এবং আধুনিক বিদেশি ভাষা বিষয়গুলোর সিলেবাস কিছুটা সংক্ষিপ্ত করা হতে পারে। ছায়া শিক্ষামন্ত্রী লরা ট্রট এই সংস্কারকে স্বাগত জানালেও শ্রেণিকক্ষে স্ক্রিন টাইম বা ডিজিটাল ডিভাইসের ব্যবহার কমাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যের শিশু ও কিশোরদের মধ্যে বই পড়ার আনন্দ গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ন্যাশনাল লিটারেসি ট্রাস্টের জরিপ অনুযায়ী, ৮ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের মধ্যে ৩৯ দশমিক ১ শতাংশ অবসর সময়ে বই পড়তে পছন্দ করলেও ছেলেদের ক্ষেত্রে এই হার মাত্র ২৫ দশমিক ৭ শতাংশ। বিশেষ করে ১৪ থেকে ১৬ বছর বয়সী কিশোরদের মধ্যে মাত্র ১০ শতাংশ প্রতিদিন আনন্দের জন্য বই পড়ে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

#যুক্তরাজ্য #ইংল্যান্ড #শিক্ষাব্যবস্থা #ব্রিটেনসংবাদ #aknews #onebanglanews