সাইফ হাসান: যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা ইনডেফিনিট লিভ টু রিমেইন পাওয়ার নিয়ম আরও কঠোর করতে যাচ্ছে ব্রিটিশ সরকার। আগামী বছর থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন নীতিতে টিভি লাইসেন্সের ফি বকেয়া রাখা বা ফুটপাতে সাইকেল চালানোর মতো সামান্য অপ*রাধেও স্থায়ী বসবাসের আবেদন সরাসরি বাতিল হয়ে যাবে। প্রাপ্তবয়স্ক অবস্থায় যেকোনো অপ*রাধে আদালত থেকে জরিমানা বা অন্য কোনো আদেশ পেলেই আবেদনকারীকে বাধ্যতামূলকভাবে অযোগ্য ঘোষণা করা হবে। বর্তমান নিয়মে কেবল ১২ মাস বা তার বেশি কারাদণ্ডপ্রাপ্তদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হলেও নতুন এই প্রস্তাবে এনএইচএস ও সোশ্যাল কেয়ার কর্মীসহ লাখো অভিবাসী চরম অনিশ্চয়তায় পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ওয়ার্ক রাইটস সেন্টারের প্রধান নির্বাহী ডক্টর ডোরা-অলিভিয়া ভিকল এই প্রস্তাবের তীব্র সমালোচনা করে জানিয়েছেন, ২০২৩ সালে গাড়ির গতিসীমা লঙ্ঘনের দায়ে জরিমানা গোনা প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামও অভিবাসী হলে এই নিয়মে স্থায়ী বসবাসের অযোগ্য হতেন। স্থায়ী অনুমতি না মিললে অভিবাসীদের প্রতি বছর ভিসা নবায়ন ও স্বাস্থ্য সারচার্জ বাবদ হাজার হাজার পাউন্ড গুনতে হবে এবং তারা সরকারি কোনো সুবিধা বা মর্টগেজ পাবেন না।
গত মঙ্গলবার হাউস অব লর্ডসের বিচার ও স্বরাষ্ট্রবিষয়ক কমিটির শুনানিতে কমিটির চেয়ারম্যান ডন ফস্টার উদ্বেগ প্রকাশ করে বলেন, ফুটপাতে সাইকেল চালানো, আবর্জনা ফেলা বা টিভি লাইসেন্স না দেওয়ার মতো তুচ্ছ বিষয়েও মানুষ আজীবনের জন্য স্থায়ী বসবাসের অধিকার হারাতে পারেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন অবজারভেটরির পরিচালক ডক্টর ম্যাডেলিন সাম্পশন জানান, কোনো জরিমানা বকেয়া থাকলে বা আদালতে চ্যালেঞ্জ করে হেরে গেলে তা বাধ্যতামূলক নিষেধাজ্ঞায় রূপ নেবে এবং এক্ষেত্রে কর্মকর্তাদের কোনো নমনীয়তা দেখানোর সুযোগ থাকবে না।
লেবার দলের পিয়ার বেভারলি হিউজ ও উইলি বাক পার্কিং জরিমানা বকেয়া রাখা বা আদালত কর্তৃক শাস্তি মওকুফ হওয়া ব্যক্তিদেরও এই তালিকায় রাখায় বিস্ময় প্রকাশ করেছেন। তবে কনজারভেটিভ পিয়ার এলিজাবেথ বেরিজ সরকারের পক্ষ নিয়ে বলেছেন, নাগরিক এবং অ-নাগরিক অপরাধীদের আলাদাভাবে দেখা আন্তর্জাতিকভাবে একটি স্বীকৃত নীতি।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী রে কলিন্স ও জো হোয়াইট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ১৮ বছর বা তার বেশি বয়সে যুক্তরাজ্যে কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে অপরাধের মাত্রা বা সময়কাল যাই হোক না কেন, স্থায়ী বসবাসের আবেদন বাতিল করা হবে। তবে এই কঠোর নিয়মের ফলে ঠিক কতজন আবেদনকারী ক্ষতিগ্রস্ত হবেন, সে বিষয়ে সরকারের কাছে কোনো নির্ভরযোগ্য তথ্য বা মূল্যায়ন নেই বলে সংসদীয় কমিটি নিশ্চিত করেছে।
#যুক্তরাজ্য #ব্রিটেনসংবাদ #অভিবাসন #ভিসানীতি #aknews #onebanglanews















