সাইফ হাসান: যুক্তরাজ্যের পাব, রেস্তোরাঁ এবং অন্যান্য আতিথেয়তা খাতের ব্যবসাগুলোর জন্য টিপস বণ্টন সংক্রান্ত পাঁচটি নতুন নিয়ম চালু করতে যাচ্ছে সরকার। কর্মীদের মধ্যে টিপস, গ্র্যাচুইটি এবং সার্ভিস চার্জ ন্যায্যভাবে ভাগ করে দেওয়ার লক্ষ্যে সম্প্রতি একটি সংশোধিত খসড়া নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে এই নতুন বিধানগুলো কার্যকর হওয়ার কথা রয়েছে। এমপ্লয়মেন্ট রাইটস অ্যাক্ট ২০২৫-এর আওতায় ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের সব ক্যাফে, পাব এবং রেস্তোরাঁকে এই নিয়ম মেনে চলতে হবে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান তাদের লিখিত টিপস নীতিমালা চালু বা বড় কোনো পরিবর্তন করতে চাইলে অবশ্যই কর্মীদের বা তাদের প্রতিনিধিদের সাথে পরামর্শ করতে হবে। পাশাপাশি ব্যবসায়িক পরিবর্তন ও ন্যায্যতা নিশ্চিত করতে অন্তত প্রতি তিন বছর পরপর এই নীতিমালা পর্যালোচনা করা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পরামর্শ প্রক্রিয়ায় কর্মীরা কী মতামত দিয়েছেন, তার একটি নাম-পরিচয়হীন সারসংক্ষেপ প্রতিষ্ঠানের সব কর্মীর জন্য উন্মুক্ত রাখতে হবে।
সংশোধিত নীতিমালায় সরাসরি গ্রাহকদের সেবা দেন না এমন কর্মীদের অর্থাৎ শেফ এবং কিচেন স্টাফদের অবদানের কথাও গুরুত্বের সাথে বিবেচনা করতে বলা হয়েছে। তবে সব কর্মীকে সমান হারে টিপস দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, বরং কাজের ধরন, দায়িত্ব এবং কর্মঘণ্টা বিবেচনায় নিয়ে মালিকপক্ষ তা নির্ধারণ করতে পারবে।
একই সাথে নির্দিষ্ট কিছু কর্মীকে প্রতি সপ্তাহে নির্ধারিত অঙ্কের নিশ্চিত টিপস বা গ্যারান্টেড পেমেন্ট দেওয়ার বিষয়ে সতর্ক করেছে সরকার। যেমন কোনো কর্মীকে প্রতি সপ্তাহে ১০০ পাউন্ড নিশ্চিত টিপস দিলে ব্যবসার মন্দা সময়ে মোট সংগৃহীত অর্থের বড় অংশই সেখানে চলে যেতে পারে, যা অন্য যোগ্য কর্মীদের প্রাপ্য অংশ কমিয়ে দেবে। যদিও এই ব্যবস্থা পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি, তবে সামগ্রিক বণ্টন যেন সবার জন্য ন্যায্য হয় তা নিশ্চিত করতে মালিকদের পরামর্শ দেওয়া হয়েছে।
#যুক্তরাজ্য #রেস্তোরাঁ #টিপসনীতি #aknews #onebanglanews















