মা*দকাসক্তদের জন্য অতিষ্ঠ ব্রিটেনের রচডেল শহরের বাসিন্দারা…

24

সাইফ হাসান: যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের রচডেল শহর এখন মা*দকাসক্তদের দৌরাত্ম্য ও অ*পরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চরম নিরাপত্তাহীনতার কারণে বিকেল সাড়ে চারটার পরই তারা ভয়ে ঘর থেকে বের হতে পারেন না। শহরের মূল সড়কের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই একে দেশের সবচেয়ে প্রাণহীন শহর বলে অভিহিত করছেন। তবে একদিকে পুরনো এলাকায় ছিন*তাই ও বিশৃঙ্খলা চললেও অন্যদিকে নতুন রিভারসাইড কমপ্লেক্স ঘিরে শহরটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

স্থানীয় বাসিন্দা ৩৮ বছর বয়সী জোনাথন টুইডেল জানান, চারদিকে মাদকাসক্তদের আনাগোনা ও ভিক্ষুকদের উপদ্রবের কারণে সাধারণ মানুষ এখন শহরে আসা বন্ধ করে দিয়েছেন। উচ্চ ভাড়ার কারণে একের পর এক ভালো দোকান ও নাইটক্লাব বন্ধ হয়ে যাওয়ায় শহরের চিরচেনা প্রাণচাঞ্চল্য হারিয়ে গেছে। কোভিড মহামারির সময় বন্ধ হওয়া হুইটশিফ শপিং সেন্টারটি ভেঙে সেখানে ৪৪৩টি নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা চলছে।

৬১ বছর বয়সী ক্রিস হজেন অভিযোগ করেন, শহরের ভ্যাপ শপগুলো মূলত অর্থ পাচারের আখড়ায় পরিণত হয়েছে এবং পাব খোলার সময় মাতালদের বিশৃঙ্খলা নিত্যদিনের ঘটনা। অবসরপ্রাপ্ত ডেকোরেটর ৬৯ বছর বয়সী লেসলি রাড জানান, টাউন সেন্টারে ছিনতাইয়ের ভয়ে তিনি রাতে আর হেঁটে চলাচল করেন না এবং শহরে এখন কোনো ভালো বেকারি বা খাবারের বাজারও অবশিষ্ট নেই। এছাড়া ৭৬ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত শিক্ষিকা জানান, সহিংসতা ও আইনশৃঙ্খলার চরম অবনতির কারণে তিনি এখন দিনের বেলাতেও ঘরের ভেতরে থাকতে বাধ্য হন।

রাসেলস ক্যাফের কর্মী ৬৩ বছর বয়সী লেসলি ইয়ার্কার বলেন, ক্যাফের বাইরে বসলেই ভিক্ষুকরা টাকা ও সিগারেটের জন্য মানুষকে বিরক্ত করে। ৪৭ বছর বয়সী সাপোর্ট ওয়ার্কার নাইন আখতার এবং ৪০ বছর বয়সী লালাইন মেস্কিজাদেহ মনে করেন, টাউন সেন্টারের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে এবং কেনাকাটার জন্য তাদের শহরের বাইরে যেতে হয়।

তবে ভিন্ন চিত্রও রয়েছে শহরের নতুন রিভারসাইড শপিং কমপ্লেক্স এলাকায়, যেখানে ওয়ারেন জেমস নামের একটি জুয়েলারি দোকান ইয়র্কশায়ার স্ট্রিট থেকে স্থানান্তরিত হচ্ছে। শাখা ব্যবস্থাপক ৪০ বছর বয়সী লিজি স্যান্ডারসন জানান, নতুন এলাকাটি বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এখানকার পরিবেশও চমৎকার। আরেক কর্মীর মতে, রচডেল মোটেও কোনো মৃত শহর নয়, বরং এটি নতুনভাবে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে।

#যুক্তরাজ্য #রচডেল #ম্যানচেস্টার #aknews #onebanglanews