সাইফ হাসান: লন্ডনের এনফিল্ড এলাকায় ৫০০ বছরের পুরনো একটি ঐতিহাসিক ওক গাছ কাটার অপরাধে বড় ধরণের বিপদে পড়েছে টোবি কারভারি নামের একটি রেস্তোরাঁ। এই ঘটনার পর স্থানীয় কাউন্সিল রেস্তোরাঁটিকে ওই জায়গা থেকে উচ্ছেদ করার আইনি প্রক্রিয়া শুরু করেছে যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রেস্তোরাঁ কর্তৃপক্ষের এমন কাণ্ডকে অপরাধমূলক কাজ হিসেবে উল্লেখ করে কাউন্সিল ক্ষতিপূরণ ও জবাবদিহিতার দাবি জানিয়েছে।
উত্তর লন্ডনের হোয়াইটওয়েবস পার্কে অবস্থিত এই গাছটি গত বছরের ৩ এপ্রিল কেটে ফেলা হয়। স্থানীয়দের ধারণা গাছটির বয়স প্রায় ৫০০ বছর ছিল এবং এটি ওই এলাকার প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ ছিল। গাছটির ডালপালা ও কাণ্ড কাটার দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত ক্ষুব্ধ হন এবং কাউন্সিলের কাছে অভিযোগ জানান।
এনফিল্ড কাউন্সিল এই ঘটনাকে ‘বেপরোয়া অপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছে। লিজ বা ভাড়ার চুক্তি ভঙ্গের অভিযোগে তারা রেস্তোরাঁটির অপারেটর মিচেলস অ্যান্ড বাটলার্সকে উচ্ছেদ করার প্রক্রিয়া শুরু করেছে। কাউন্সিল বলছে, প্রতিষ্ঠানটি তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই অনুমতি ছাড়া এমন ধ্বংসাত্মক কাজ করেছে যা মেনে নেওয়া যায় না।
কাউন্সিলের ডেপুটি লিডার টিম লিভার জানিয়েছেন, ‘গাই ফকস ওক’ নামে পরিচিত এই গাছটির ক্ষতি হওয়ায় পুরো কমিউনিটি মর্মাহত হয়েছে। তিনি রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। তার মতে, পরিবেশ রক্ষা এবং ঐতিহ্যের স্বার্থে এমন কাজের কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
টোবি কারভারির একজন মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান থাকায় তারা এ বিষয়ে নতুন করে কোনো মন্তব্য করবেন না। তবে ঘটনার পরপরই মালিকপক্ষ দুঃখ প্রকাশ করে জানিয়েছিল যে তারা বিষয়টি গুরুত্বের সাথেই দেখছে। কিন্তু কাউন্সিল মনে করছে, তারা পরিস্থিতি সামাল দিতে এবং ক্ষতি পূরণে ব্যর্থ হয়েছে।
#LondonNews #TobyCarvery #EnfieldCouncil #Environment #BanglaNews #aknews #onebanglanews















