ওষুধ ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্রিটেনে নতুন চমক…

2

সাইফ হাসান: ওষুধের বদলে চিকিৎসকদের প্রেসক্রিপশনে এখন মিলছে বিনামূল্যে সাপ্তাহিক সবজির বক্স। ইংল্যান্ডের কর্নওয়ালে টাইপ-২ ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিস রোগীদের সুস্থ রাখতে চালু হয়েছে অভিনব এই প্রকল্প। এই উদ্যোগের আওতায় রোগীদের শুধু সবজিই দেওয়া হচ্ছে না, বরং শেখানো হচ্ছে স্বাস্থ্যকর রান্না ও বাগান করার কৌশল। এতে অংশ নিয়ে শতাধিক রোগীর রক্তের শর্করা ও ওজন উল্লেখযোগ্য হারে কমেছে। ফলাফল আশাব্যঞ্জক হওয়ায় পুরো যুক্তরাজ্যেই এই মডেল ছড়িয়ে দেওয়ার কথা ভাবছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

কর্নওয়াল কাউন্সিলের জনস্বাস্থ্য বিভাগ ও এনএইচএসের অর্থায়নে ওয়েলফেড নামের এই পাইলট প্রকল্পটি পরিচালিত হচ্ছে। সেন্ট আইভস থেকে শুরু করে আইলস অব সিলি পর্যন্ত মোট ২০টি স্থানে এই কার্যক্রম চলছে। প্রকল্প প্রধান ক্লেয়ার জুড জানান, রোগীদের সার্বিক সহায়তা ও ভৌগোলিক বিস্তৃতির দিক থেকে ইংল্যান্ডে এটিই প্রথম কোনো উদ্যোগ।

এই কর্মসূচিতে অংশ নেওয়া ৭৪ বছর বয়সী ক্রিস লংথর্প আগে মিষ্টি ও মাংসজাতীয় খাবার বেশি খেতেন। তবে প্রকল্পে যোগ দেওয়ার পর তার রক্তের শর্করার মাত্রা ৫০ থেকে কমে ৪২-এ নেমে এসেছে। তিনি জানান, এখন তিনি আগের চেয়ে অনেক বেশি সুস্থ বোধ করছেন এবং দলবেঁধে রান্নার সেশনগুলো বেশ উপভোগ করছেন।

আরেক অংশগ্রহণকারী ৮৫ বছর বয়সী জোহানা ইভান্স বলেন, তিনি কখনো ভাবেননি যে অঙ্কুরিত শিম বা তিল দিয়ে তৈরি স্বাস্থ্যকর খাবার তার এত ভালো লাগবে। অন্যদিকে, ৬৮ বছর বয়সী অবসরপ্রাপ্ত প্রকৌশলী মাইক মের শর্করার মাত্রা ৭৮ থেকে কমে ৪৩-এ দাঁড়িয়েছে। মাইকেল ওয়ালার নামে আরেক রোগী জানান, ওষুধের বদলে খামারের তাজা সবজি ও সালাদ খেয়েই তার শর্করা ৬৪ থেকে ৪৭-এ নেমে এসেছে।

সেন্ট আইভসের চিকিৎসক ড্যান রেইনবো এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, তারা সাধারণত রোগের চিকিৎসাতেই বেশি সময় ব্যয় করেন, কিন্তু এই প্রকল্পটি মানুষের সুস্বাস্থ্য তৈরি করছে। সরকার থেকে চাপিয়ে না দিয়ে স্থানীয় কমিউনিটি থেকে এমন উদ্যোগ আসায় এটি দারুণভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

#যুক্তরাজ্য #ডায়াবেটিস #স্বাস্থ্যসেবা #কর্নওয়াল #aknews #onebanglanews