সাইফ হাসান: উত্তর ওয়েলসের সমুদ্রসৈকত থেকে এক নবজাতক শিশুর লা*শ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর শিশুটির মায়ের শারীরিক অবস্থা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে তার সন্ধানে নেমেছে স্থানীয় পুলিশ ও চিকিৎসাকর্মীরা। গত রবিবার মেনাই প্রণালির কাছাকাছি ব্যাঙ্গর এলাকায় সাধারণ এক পথচারী নবজাতকের মৃ*তদেহ দেখতে পান। উদ্ধার হওয়া শিশুটির বয়স বা লিঙ্গ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। মা অত্যন্ত অসহায় অবস্থায় থাকতে পারেন ভেবে তাকে দ্রুত চিকিৎসা সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উত্তর ওয়েলস পুলিশ জানিয়েছে, রবিবার বিকেল ৫টার কিছু আগে উপকূলবর্তী এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও পুলিশ যৌথভাবে কাজ করছে। আগামী বুধবার নবজাতকের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
বেটসি ক্যাডওয়ালাডার ইউনিভার্সিটি হেলথ বোর্ডের ধাত্রীবিদ্যা ও নারী সেবা বিভাগের পরিচালক ফিওনা জিরো মায়ের স্বাস্থ্য নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানান, সন্তান জন্ম দেওয়ার পর ওই নারী শারীরিকভাবে চরম ঝুঁকিতে থাকতে পারেন এবং পরিচয় প্রকাশের ভয়ে হয়তো সামনে আসছেন না। তিনি সরাসরি মায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেকোনো ভয় বা সংশয় কাটিয়ে তিনি যেন নিকটস্থ স্বাস্থ্যকর্মী বা পুলিশের কাছে যান, কারণ তার চিকিৎসাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।
গোয়েন্দা কর্মকর্তা কেলি উইন নিখোঁজ মায়ের পাশাপাশি তার পরিবার ও প্রতিবেশীদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, গত কয়েক মাসে পরিচিত কোনো নারী বা তরুণীর আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখলে বা সমাজ থেকে নিজেকে গুটিয়ে নিতে দেখলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। প্রাপ্ত সব তথ্য অত্যন্ত গোপনীয়তার সঙ্গে যাচাই করা হবে বলেও আশ্বস্ত করেছে পুলিশ।
#যুক্তরাজ্য #ওয়েলস #শিশুউদ্ধার #aknews #onebanglanews















