A66 দুর্ঘটনা তদন্ত শেষে পুলিশ যা বললেন…

40

সাইফ হাসান: যুক্তরাজ্যের এ৬৬ সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্যসহ সাতজনের মৃ*ত্যুর ঘটনায় পুলিশের ইচ্ছাকৃত কোনো সংঘাতের প্রমাণ মেলেনি। প্রাথমিক তদন্ত শেষে দেশটির ইনডিপেনডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট বা আইওপিসি এই তথ্য নিশ্চিত করেছে। গত ২২ আগস্ট মিডলসব্রোর কাছে সাউথ ব্যাংকে একটি ভক্সওয়াগন প্যাসাট এবং পুলিশের টহল গাড়ির মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ ঘটে। গাড়িটি থামাতে পুলিশ কোনো ট্যাকটিক্যাল কন্টাক্ট বা স্টিংগার ব্যবহার করেনি বলে তদন্তে উঠে এসেছে। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষ হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন ভোর ৩টা ৩৩ মিনিটে প্যাসাট গাড়িটিকে ধাওয়া শুরু করে পুলিশ। ছয় মিনিটের মাথায় গাড়িটি এ৬৬ সড়কের কাছে এসে ভুল লেনে প্রবেশ করে বিপরীত দিক দিয়ে ছুটতে থাকে। বিপদের আশঙ্কা দেখে ধাওয়াকারী পুলিশ সদস্য ভুল লেনে না গিয়ে নীল বাতি নিভিয়ে সঠিক লেন দিয়েই গাড়ি চালাতে থাকেন।

এর মাত্র ১৭ সেকেন্ড পর বিপরীত দিক থেকে আসা অন্য একটি চিহ্নিত পুলিশ গাড়ির সঙ্গে গাড়িটির সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল ম্যাথিউ ব্লেডস এবং টম ক্লফ মা\রা যান। একই সঙ্গে অপর গাড়িতে থাকা মাইকেল রবার্ট কাহিল, জ্যাকুব মাতুসিয়াক, মাকাই স্যাডিংটন, থিও রে এবং কোল রবার্ট ওয়ার্থি নিহত হন।

আইওপিসির এনগেজমেন্ট ডিরেক্টর এমিলি ব্যারি জানান, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা নিয়ে নানা জল্পনা থাকলেও পুলিশের ইচ্ছাকৃত কোনো আ*ঘাতের প্রমাণ পাওয়া যায়নি। গাড়িটি থামাতে চাকা ফুটো করার কোনো কাঁটাতারের ফাঁদও পাতা হয়নি। পুরো ঘটনার সার্বিক দিক খতিয়ে দেখতে এবং গতিবেগ নির্ধারণে দুটি বিশেষজ্ঞ দলের মাধ্যমে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

#যুক্তরাজ্য #সড়কদুর্ঘটনা #আইওপিসি #aknews #onebanglanews