সাইফ হাসান: যুক্তরাজ্যের মার্সিসাইডে নিজ বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন এক মা ও তার তিন সন্তান। গভীর রাতে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডের পেছনে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ওই দোতলা বাড়িটির শোবার ঘর থেকে অচেতন অবস্থায় চারজনের নিথর দেহ উদ্ধার করা হয়। এছাড়া আগুনে গুরুতর দগ্ধ এক পুরুষকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যুক্তরাজ্যের মার্সিসাইডের বুটলে স্টোন স্কয়ারের একটি সেমি-ডিটাচড বাড়িতে গত ২২ সেপ্টেম্বর ভোররাতে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ৩৬ বছর বয়সী এলিশা ব্র্যাবিনের সঙ্গে প্রাণ হারায় তার ১৬ বছর বয়সী ছেলে লিও, আট বছর বয়সী এলিস এবং সাত বছর বয়সী প্রুডেন্স।
মার্সিসাইড ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস এবং স্থানীয় পুলিশের যৌথ তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক গোলোযোগের কারণে ওই লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকেই আগুন ছড়িয়ে পড়েছিল। সাধারণত ই-বাইক ও ই-স্কুটারে এই ধরনের ব্যাটারি বেশি ব্যবহৃত হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট অংশ নিলেও ঘরের ভেতরে আগুনের তীব্রতা অত্যন্ত বেশি ছিল।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা কেভ জনসন জানান, এই মর্মান্তিক ঘটনাটি লিথিয়াম-আয়ন ব্যাটারির মারাত্মক ঝুঁকিকে সামনে এনেছে। তিনি সবাইকে সতর্ক করে জানান, ব্যাটারি ফুলে যাওয়া, অস্বাভাবিক শব্দ হওয়া বা ধোঁয়া বের হওয়ার মতো লক্ষণ দেখলে তা অবিলম্বে ব্যবহার বন্ধ করা জরুরি।
পরিবারের স্বজনেরা এক আবেগঘন বার্তায় জানান, এলিশা ছিলেন অত্যন্ত স্নেহময়ী একজন মা, যিনি সন্তানদের ঘিরেই বেঁচে ছিলেন। শিশু লিও, এলিস ও প্রুডেন্সকে অকালে হারিয়ে পুরো পরিবার আজ দিশেহারা হয়ে পড়েছে।
#আন্তর্জাতিক #যুক্তরাজ্যসংবাদ #অগ্নিকাণ্ড #aknews #onebanglanews















