সাইফ হাসান: যুক্তরাজ্যের লন্ডন ও সারির সাতটি এলাকায় প্রধান পানির পাইপ ফেটে তীব্র পানি সংকট তৈরি হয়েছে। প্রতি সেকেন্ডে প্রায় ৭৫০ লিটার পানি বের হয়ে যাওয়ার কারণে ছয় হাজারের বেশি বাড়ি ও প্রতিষ্ঠান ভোগান্তিতে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে না পেরে বহু স্কুল ও কলেজ তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। টেমস ওয়াটারের কর্মীরা পাইপ মেরামতে কাজ শুরু করলেও পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে।
সোমবার সকালে প্রধান পাইপলাইন ফেটে যাওয়ার পর দক্ষিণ লন্ডনের পাঁচটি এবং সারির দুটি বোরোতে পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। আকস্মিক এই বিপত্তির কারণে ইশার কলেজ, কিংস্টন গ্রামার স্কুলসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দিয়ে শ্রেণি কার্যক্রম স্থগিত করে।
স্থানীয় এমপি মনিকা হার্ডিং জানিয়েছেন, পাইপ ফেটে ব্যাপক হারে পানি বের হয়ে পড়ায় ভোর পাঁচটা থেকেই আশপাশের বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েন। একটি খননযন্ত্রের আ*ঘাতে ওয়ালটন অংশে প্রায় চার ফুট ফাটল ধরে এই বিপত্তি তৈরি হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
টেমস ওয়াটারের পক্ষ থেকে এই অনাকাঙ্ক্ষিত সংকটের জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের প্রকৌশলীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিকল্প ব্যবস্থায় বোতলজাত পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে।
#যুক্তরাজ্যসংবাদ #লন্ডন #পানি_সংকট #aknews #onebanglanews















