রিচমন্ড পার্কে বন্য হরিণকে খাওয়ানো ও স্পর্শের চেষ্টা, দর্শনার্থীদের সতর্ক করল রয়্যাল পার্কস

42

যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের রিচমন্ড পার্কে দর্শনার্থীদের বন্য হরিণকে খাবার দেওয়া, স্পর্শ করার চেষ্টা এবং ছোট শিশুদের হরিণের কাছাকাছি নিয়ে যাওয়ার ঘটনা উদ্বেগ তৈরি করেছে। এ ধরনের আচরণকে “অত্যন্ত বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন” উল্লেখ করে সতর্কবার্তা দিয়েছে রয়্যাল পার্কস কর্তৃপক্ষ।

বন্যপ্রাণী আলোকচিত্রী আমান্ডা বোর্ডম্যান সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে দেখান, বেশ কয়েকজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি তাদের ছোট শিশুদের শিংওয়ালা তরুণ হরিণের (বাক) খুব কাছে নিয়ে যাচ্ছেন এবং কেউ কেউ হরিণকে স্পর্শ ও খাবার দেওয়ার চেষ্টা করছেন।

তিনি বলেন, “আমি আগে কখনও এমন পরিস্থিতি দেখিনি।” একই সঙ্গে তিনি জানান, ঘটনাস্থলে আরও অনেক দর্শনার্থী পার্কের নিয়ম ভঙ্গ করছিলেন।

রয়্যাল পার্কসের পার্ক ম্যানেজার পল রিচার্ডস বলেন, ভিডিওটি দেখে কর্তৃপক্ষ “স্তম্ভিত ও অত্যন্ত উদ্বিগ্ন” হয়েছে। তাঁর ভাষায়, এ ধরনের আচরণ হরিণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং যে কোনো সময় গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে, যাতে কেউ স্থায়ীভাবে আহত হতে পারেন, এমনকি প্রাণহানিও ঘটতে পারে।

তিনি জানান, রিচমন্ড পার্কের লাল হরিণ (Red Deer) ও ফ্যালো হরিণ (Fallow Deer) সম্পূর্ণ বন্য প্রাণী। বাইরে থেকে শান্ত মনে হলেও হুমকি অনুভব করলে তারা হঠাৎ আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।

রিচার্ডস বলেন, একটি পূর্ণবয়স্ক পুরুষ হরিণের ওজন প্রায় ১৫৯ কেজি পর্যন্ত হতে পারে এবং ঘণ্টায় ৪৮ কিলোমিটার বেগে দৌড়াতে সক্ষম। তাই দর্শনার্থীদের সবসময় হরিণ থেকে অন্তত ৫০ মিটার দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হরিণ চলাচল করলে আরও বেশি দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “শিশুদের কখনোই হরিণের কাছে নিয়ে যাবেন না।” পাশাপাশি ছবি বা সেলফি তোলার জন্যও হরিণের কাছে না যাওয়ার আহ্বান জানান তিনি।

অন্যদিকে আলোকচিত্রী আমান্ডা বোর্ডম্যান জানান, তিনি শুধু হরিণকে বিরক্ত করার ঘটনাই দেখেননি; কিছু মানুষ সাইকেল নিয়ে সংরক্ষিত স্কাইলার্ক পাখির প্রজনন এলাকায় প্রবেশ করে হরিণ তাড়িয়ে বেড়াচ্ছিল এবং অনেকে হরিণকে খাবারও দিচ্ছিলেন।

তিনি বলেন, গ্রীষ্মকালে বিপুল সংখ্যক দর্শনার্থী সামলাতে গিয়ে রয়্যাল পার্কসের কর্মীরা চাপে থাকেন। অনেকেই পার্কের ৫০ মিটার দূরত্ব বজায় রাখার নিয়ম সম্পর্কে জানেন না।

বোর্ডম্যান বাজেট সংকোচনের কারণে ২০২৫ সালের নভেম্বরে বিলুপ্ত হওয়া রয়্যাল পার্কস পুলিশ পুনর্বহালের আহ্বান জানান।

তবে লন্ডনের মেয়রের কার্যালয়ের এক মুখপাত্র জানান, বর্তমানে রয়্যাল পার্কসের নিরাপত্তার দায়িত্ব স্থানীয় নেবারহুড ওয়ার্ড পুলিশ কর্মকর্তারা পালন করছেন। তাঁর দাবি, মেট্রোপলিটন পুলিশের জন্য ১.২৬ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ফলে বাহিনীর পরিকল্পিত বাজেট কাটছাঁট উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছে এবং এসব কর্মকর্তা নিয়মিত এলাকায় টহল দিয়ে স্থানীয় জনগণের সঙ্গে কাজ করছেন।