যুক্তরাজ্যে টানা তীব্র গরমের পর চলতি সপ্তাহান্তে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে। উত্তর দিক থেকে প্রবাহিত শীতল বাতাসের কারণে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং উত্তর ইংল্যান্ডে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, ফলে এসব অঞ্চলে চলমান তাপপ্রবাহের অবসান ঘটবে।
আবহাওয়াবিদদের মতে, উত্তর স্কটল্যান্ডে শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা বৃহস্পতিবারের তুলনায় প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস কম হতে পারে। একইভাবে উত্তর-পশ্চিম ইংল্যান্ডে তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে ২০ ডিগ্রির ঘরে নেমে আসবে। মিডল্যান্ডস, ওয়েলস ও দক্ষিণ ইংল্যান্ডেও কিছুটা স্বস্তি মিললেও অনেক এলাকায় তাপমাত্রা এখনও তাপপ্রবাহের সীমার ওপরে থাকবে। এসব অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং রাতের তাপমাত্রাও তুলনামূলকভাবে শীতল হবে।
অন্যদিকে, দক্ষিণ ইংল্যান্ডে টানা ১২ দিন ধরে তাপপ্রবাহের মাত্রা বজায় রয়েছে। পূর্বাভাস বলছে, সপ্তাহান্তে সামান্য শীতলতার পর আগামী সপ্তাহের শুরুতেই আবারও তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণ ইংল্যান্ডে তাপমাত্রা পুনরায় ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, আর স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে তা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।
এদিকে, বৃষ্টির কোনো উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। উচ্চচাপ বলয়ের প্রভাবে যুক্তরাজ্যের অধিকাংশ এলাকায় শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া অব্যাহত থাকবে। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের উইসলি (সারে) ও হার্স্টমনসিউক্স (ইস্ট সাসেক্স) এলাকায় প্রায় ৩০ দিন ধরে বৃষ্টিপাত হয়নি। এছাড়া পূর্ব ইংল্যান্ড ও ওয়েস্ট মিডল্যান্ডসের অনেক স্থানে ২০ দিনেরও বেশি সময় ধরে বৃষ্টি নেই।
দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া এবং পানির চাহিদা বেড়ে যাওয়ায় ইংল্যান্ডে ৮০ লাখেরও বেশি পরিবারের জন্য হোসপাইপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডেও স্বাভাবিকের তুলনায় অনেক কম বৃষ্টিপাত হয়েছে।
এদিকে, যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তর (Met Office) প্রকাশিত ২০২৫ সালের স্টেট অব দ্য ক্লাইমেট প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে জলবায়ুর চরম বৈশিষ্ট্য এখন ‘নতুন স্বাভাবিক’ হয়ে উঠছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দক্ষিণ ইংল্যান্ডে বছরের সবচেয়ে উষ্ণ দিনের তাপমাত্রা ১৯৬১-১৯৯০ সময়কালের তুলনায় বর্তমানে গড়ে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এছাড়া উত্তরাঞ্চলেও এখন এমন উচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে, যা আগে কেবল দক্ষিণ ইংল্যান্ডেই সীমাবদ্ধ ছিল।















