যুক্তরাজ্যের জনপ্রিয় খুচরা বিক্রেতা জেডি স্পোর্টস ও স্পোর্টস ডাইরেক্টের কর্মীরা চুরি ঠেকাতে গিয়ে ক্রমবর্ধমান সহিংসতার শিকার হচ্ছেন। তথ্য অধিকার আইনের আওতায় প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, গত এক বছরে এই দুই প্রতিষ্ঠানের দোকানগুলোতে অন্তত ২১৭টি সহিংস ঘটনার অভিযোগ নথিভুক্ত হয়েছে। এর মধ্যে স্পোর্টস ডাইরেক্টে ১৪৪টি এবং জেডি স্পোর্টসে ৭৩টি ঘটনা ঘটে।
প্রতিবেদনে উঠে এসেছে, উচ্চমূল্যের জুতা ও ক্রীড়া পোশাক চুরি করতে গিয়ে অনেক চোর কর্মীদের ঘুষি মারা, কামড় দেওয়া, চুল টেনে ধরা এবং বর্ণবাদী গালাগালির মতো হামলা চালিয়েছে। ট্রেড ইউনিয়ন ইউএসডও’র সাধারণ সম্পাদক জোয়ান থমাস বলেন, খুচরা বিক্রয় খাতে কর্মরত অনেকেই শুধু দায়িত্ব পালন করতে গিয়ে ভয়, উদ্বেগ ও শারীরিক নির্যাতনের মুখোমুখি হচ্ছেন। তিনি জোর দিয়ে বলেন, কর্মস্থলে নিরাপত্তাহীনতা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না।















