যুক্তরাজ্যে ছোট নৌকায় অবৈধভাবে ইংলিশ চ্যানেল পার হওয়ার সময় অন্যদের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। নতুন আইনের আওতায় এটাই প্রথম সাজা।
আফগানিস্তানের ৩২ বছর বয়সী মোহাম্মদ তাজিককে দুই বছর এবং সুদানের ২৬ বছর বয়সী আলনুর আলিকে ২৭ মাসের কারাদণ্ড দিয়েছেন ক্যান্টারবেরি ক্রাউন কোর্ট।
আদালত জানায়, অতিরিক্ত যাত্রী বহন, নিরাপত্তা সরঞ্জামের অভাব এবং প্রতিকূল আবহাওয়ায় যাত্রার কারণে নৌকাগুলোতে প্রাণহানির ঝুঁকি ছিল অত্যন্ত বেশি। বিচারক বলেন, বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথে এমন যাত্রা স্বভাবতই বিপজ্জনক।
২০২৫ সালের নতুন সীমান্ত নিরাপত্তা আইনের অধীনে, ফ্রান্স, বেলজিয়াম বা নেদারল্যান্ডস থেকে যুক্তরাজ্যে সমুদ্রপথে আসার সময় অন্যের জীবন ঝুঁকিতে ফেললে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (NCA) জানিয়েছে, ছোট নৌকায় বিপজ্জনক পারাপারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে তারা দেশি-বিদেশি অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে। আদালত আরও জানিয়েছে, সাজা শেষে দুই ব্যক্তিকে বহিষ্কারের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবেচনা করবে।















