ইউক্রেনের প্রেসিডেন্ট ভলডিমির জেলেনস্কি লন্ডনে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির নেতাদের সঙ্গে বৈঠকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ও দূরপাল্লার হামলা সক্ষমতা দ্রুত বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। বৈঠকে অংশ নেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মার্জ।
রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানিয়ে নেতারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে অবিলম্বে ও পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানান। তারা ইউক্রেনকে আরও সামরিক ও প্রতিরক্ষা সহায়তা দেওয়ার বিষয়েও আলোচনা করেন।
বৈঠকের আগে জেলেনস্কি বলেন, “ইউক্রেন নীরবে হারিয়ে যাবে না” এবং রাশিয়ার আগ্রাসনের জবাব দিতে দেশটি আরও শক্তিশালী হবে। একই সময়ে ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় রুশ হামলা অব্যাহত থাকলেও কিয়েভ তার মিত্রদের সমর্থনে আত্মবিশ্বাসী বলে জানিয়েছে।















