বরখাস্ত হলেন আর্জেন্টাইন নৌবাহিনী প্রধান

746

আন্তর্জাতিক ডেস্ক: ৪৪ জন ক্রু নিয়ে সাগরে আর্জেন্টাইন সাবমেরিন নিখোঁজ হওয়ার একমাস পর বরখাস্ত হলেন সেদেশের নৌবাহিনী প্রধান।

শনিবার দেশটির রাজধানী বুয়েনস এইরেস থেকে নৌবাহিনী প্রধান মার্সেলো স্রার এর বরখাস্ত করার নির্দেশ জারি করা হয়। এরপর রাষ্ট্রপতি ভবনের বাইরে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ।

এসময় বিক্ষোভকারীরা সাবমেরিনটি খুঁজে না পাওয়া পর্যন্ত কর্তৃপক্ষকে অনুসন্ধান চালিয়ে যাওয়ার দাবি জানান।

বিক্ষোভকারীদের একজন ছিলেন ওই সাবমেরিনে থাকা একজন ক্রুর আত্মীয় লুইস ট্যাগলিয়াপিয়েত্রা। তিনি বলেন, ‘কর্তৃপক্ষ সমস্ত শক্তি দিয়ে তাদের খোঁজার প্রতিশ্রুতি দিয়েছিল। তারা বলেছিল, একজন নাবিক কখনও আরেকজন নাবিককে বিপদের মূহুর্তে ফেলে চলে যায় না। আমরা তাদের সেই প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিতে এসেছি।’

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয়ার কিছুক্ষণ পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ‘এআরএ সান হুয়ান’ নামক আর্জেন্টাইন সাবমেরিনটি।

দুই সপ্তাহ আগে অনুসন্ধান অভিযানের সমাপ্তি ঘোষণা করে আর্জেন্টাইন কর্তৃপক্ষ।

তবে, আর্জেন্টাইন সাবমেরিনটির খোঁজে এখনও অভিযান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং যুক্তরাজ্য সহ ১৮ টি দেশের বিমান ও নৌবাহিনীর সমন্বিত দল।

উল্লেখ্য, দুর্ঘটনাবশত সাবমেরিনটি ডুবে গেলে এর ভেতরে সঞ্চিত অক্সিজেন দশ দিন বাঁচিয়ে রাখতে পারবে ক্রুদের।

সূত্র: আল জাজিরা