ইয়েমেনে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা: নিহত ১১

767

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ মা’রিব এ সৌদি বাহিনীর বোমা হামলায় নিহত হয়েছেন এগারো নারী। শনিবার কারামেশ এলাকায় একটি বিয়ের যাত্রীদের ওপর সৌদি বাহিনী হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানায় ইয়েমেনি টেলিভিশন আল মাসিরা।

স্থানীয় সূত্রে খবর, পায়ে হেঁটে অনুষ্ঠান থেকে ফেরার পথে ওই নারীরা সৌদি হামলার মুখে পড়ে। তবে যেসব নারী গাড়িতে করে ফিরছিলেন তারা হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন বলে তারা জানান।

ক্ষোভ প্রকাশ নিহত নারীদের একজনের পিতা বলেন, বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে আসার সময় সাধারণ নারীদের ওপর হামলা চালিয়ে আগ্রাসী সৌদি বাহিনী জঘন্য অপরাধ করেছে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী তীব্র প্রতিবাদ ও সমালোচনার পরও দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি সামরিক আগ্রাসন থামছে না। গত শুক্রবারও দেশটির ওপর ব্যাপকমাত্রায় বিমান হামলা চালিয়ে অন্তত ৭০ ইয়েমেনিকে হত্যা করেছে সৌদি বাহিনী। গত দুই বছর ধরে ইয়েমেনের বিভিন্ন এলাকায় বর্বরোচিত বিমান হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। হামলায় এ পর্যন্ত ১২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

সূত্র: পার্সটুডে