মধ্যপ্রাচ্যের সংকট এবং ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির সরবরাহে চাপ তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জরুরি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে, যার মধ্যে বাসা থেকে কাজ করার বিষয়টিও রয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান সংকট বিশ্বব্যাপী তেলের সরবরাহকে হুমকির মুখে ফেলায় জ্বালানি ব্যবহার কমাতে যুক্তরাজ্য সরকার বিভিন্ন বিকল্প পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর মধ্যে গাড়ির গতি সীমা কমিয়ে জ্বালানি খরচ কমানোর প্রস্তাবও রয়েছে।
তবে সূত্রগুলো জানিয়েছে, বর্তমানে যুক্তরাজ্যে জ্বালানির কোনো ঘাটতি নেই। তবুও ভবিষ্যতে তেলের চাহিদা নিয়ন্ত্রণে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তা বিশ্লেষণ করছে পরিবহন বিভাগ এবং জ্বালানি নিরাপত্তা ও নেট জিরো বিভাগ।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা সদস্য দেশগুলোকে সড়কে গাড়ির গতি কমানো, গাড়ি চালানোর সময়সীমা সীমিত করা এবং প্রয়োজনে বাসা থেকে কাজ করার মতো কোভিড-সময়কার জরুরি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে।
সংস্থাটি আরও বলেছে, মানুষকে গণপরিবহন বা কারপুলিং ব্যবহার করতে উৎসাহিত করতে হবে, দক্ষভাবে গাড়ি চালাতে হবে এবং সম্ভব হলে বিমান ভ্রমণ এড়িয়ে চলতে হবে।
২০২৪ সালে হালনাগাদ করা যুক্তরাজ্যের জরুরি জ্বালানি পরিকল্পনায় পেট্রোল রেশনিং, পাম্পের সময়সীমা সীমিত করা এবং প্রয়োজনীয় সেবাখাতে অগ্রাধিকার দেওয়ার মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে। গুরুতর সংকট হলে ব্যক্তিগত গাড়িচালকদের জন্য জ্বালানি কেনার সীমা নির্ধারণ করা হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, কম গতিতে গাড়ি চালালে জ্বালানি খরচ কমে। এর আগে দূষণ কমাতে ইংল্যান্ডের কিছু এলাকায় গতি সীমা কমানো হয়েছিল।
এদিকে, জ্বালানির দাম ইতিমধ্যেই বেড়েছে। সংঘাত শুরুর পর পেট্রোলের দাম ৯% এবং ডিজেলের দাম ১৭% পর্যন্ত বেড়েছে। ধারণা করা হচ্ছে, ইস্টারের মধ্যে পেট্রোলের দাম প্রতি লিটার ১৫০ পেন্সে পৌঁছাতে পারে।
সরকার সাধারণ মানুষকে আতঙ্কে অতিরিক্ত জ্বালানি না কিনে স্বাভাবিকভাবে জ্বালানি ব্যবহারের পরামর্শ দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ধীর গতিতে গাড়ি চালানো, কম ব্রেক করা এবং একসাথে একাধিক কাজ সেরে নেওয়া—এসবের মাধ্যমে জ্বালানি ও খরচ দুটোই কমানো সম্ভব।
তবে বাড়ি থেকে কাজ করার মতো পদক্ষেপে সব ব্যবসা প্রতিষ্ঠান রাজি নাও হতে পারে, বিশেষ করে উৎপাদন খাতের কোম্পানিগুলো। তারা কারখানা চালু রাখার দিকেই বেশি গুরুত্ব দেবে।
সব মিলিয়ে, পরিস্থিতি খারাপ হলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে, তবে এখনই আগাম সতর্কতা হিসেবে এসব পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে।















