যুক্তরাজ্যে জ্বালানি বিল বাড়তে পরে £২,০০০ পর্যন্ত

71

ইরানের যুদ্ধের কারণে যুক্তরাজ্যের গ্যাস বাজার তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয়, এই গ্রীষ্ম থেকে গৃহস্থালির জ্বালানি বিল বছরে £৩৩০-এর বেশি বেড়ে প্রায় £২,০০০ হতে পারে। জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান Cornwall Insight জানিয়েছে, সরকারের নির্ধারিত মূল্যসীমা অনুযায়ী জুলাই থেকে একটি সাধারণ গ্যাস ও বিদ্যুৎ বিল বছরে £১,৯৭২-এ পৌঁছাতে পারে।

মাত্র দুই সপ্তাহ আগেও এই পূর্বাভাস ছিল £১,৮০০, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির অবনতি এবং ইউরোপে গ্যাসের দাম বাড়ার কারণে নতুন করে প্রায় ২০% বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। কাতারে বিশ্বের বৃহত্তম গ্যাস প্রক্রিয়াজাতকরণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইউরোপে গ্যাসের দাম একদিনেই ৩০% বেড়ে যায়, যদিও পরে কিছুটা কমেছে।

যুদ্ধ শুরুর পর থেকে গ্যাসের দাম এখনো প্রায় দ্বিগুণ রয়েছে। একই সঙ্গে তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এপ্রিল-জুন সময়ে জ্বালানির মূল্যসীমা কিছুটা কমানো হলেও, গ্রীষ্ম থেকে আবার বড় ধরনের মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে। পাশাপাশি সুদের হার বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে Bank of England, যা গৃহঋণের খরচও বাড়াতে পারে।

এদিকে International Energy Agency বিশ্বজুড়ে সরকারগুলোকে কোভিড সময়ের মতো জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যেমন বাসা থেকে কাজ করা, গণপরিবহন ব্যবহার বাড়ানো এবং জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন নীতি গ্রহণ করা।