সিনেমা দেখতে গিয়ে পার্কিং আইন না জানায় জরিমানার মুখে দর্শক

63

সাইফ হাসান: যুক্তরাজ্যের চিচেস্টারে সিনেমা দেখতে গিয়ে এক দর্শক বড়সড় জরিমানার মুখে পড়েছেন। ‘অ্যাভাটার’ এর নতুন ছবি দেখার পর তিনি আবিষ্কার করেন যে তাকে পার্কিং আইন ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে। পার্কিংয়ের সময়সীমা কমানোর বিষয়টি না জানার কারণেই তিনি এই বিপদে পড়েন। তবে শেষপর্যন্ত কর্তৃপক্ষের হস্তক্ষেপে তার সেই জরিমানা মওকুফ করা হয়েছে।

পশ্চিম সাসেক্সের বাসিন্দা এআর সম্প্রতি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ছবিটি দেখতে চিচেস্টারের সিনাওয়ার্ল্ডে গিয়েছিলেন। তিন ঘণ্টার বেশি সময়ের এই সিনেমাটি দেখে ফেরার পর তিনি দেখেন গাড়িতে জরিমানার কাগজ বা পেনাল্টি চার্জ নোটিশ লাগিয়ে রাখা হয়েছে। এর আগে তিনি এখানে অন্য সিনেমা দেখলেও কখনো এমন সমস্যায় পড়েননি।

সিনাওয়ার্ল্ড কর্তৃপক্ষ জানিয়েছে, আগত দর্শকদের এখন হলে ঢোকার পর একটি স্ক্রিনে তাদের গাড়ির নম্বর বা রেজিস্ট্রেশন প্লেট এন্ট্রি করতে হয়। জমির মালিক গত গ্রীষ্মে পার্কিংয়ের সময়সীমা ৪ ঘণ্টা থেকে কমিয়ে ৩ ঘণ্টা করায় এই নিয়ম চালু হয়েছে। কিন্তু ভুক্তভোগী দাবি করেছেন, তিনি এমন কোনো নির্দেশনার সাইনবোর্ড দেখতে পাননি।

বুকিং কনফার্মেশন ইমেইলেও গাড়ির তথ্য দেওয়ার কোনো উল্লেখ ছিল না বলে অভিযোগ করেছেন ওই দর্শক। শুধু তিনিই নন, দেশটির অন্যান্য জায়গাতেও অনেক মানুষ এই নতুন সময়সীমা না জানার কারণে জরিমানার শিকার হচ্ছেন। নিয়মিত দর্শকরা পুরনো অভ্যাসের কারণে নতুন সাইনবোর্ডগুলো খেয়াল করছেন না।

সিনাওয়ার্ল্ড প্রথমে জানিয়েছিল যে পার্কিং লট তাদের মালিকানায় নেই এবং সাইনবোর্ড দেওয়াই আছে। তবে সংবাদমাধ্যম থেকে বিষয়টি নিয়ে যোগাযোগ করার পর তারা নমনীয় হয় এবং শেষমেশ ওই দর্শকের জরিমানা বাতিল করে দেয়।

#যুক্তরাজ্য #সিনেমা #জরিমানা #aknews #onebanglanews