সাইফ হাসান: লন্ডনের একটি ব্যস্ত স্টেশনে লিফটে আটকা পড়ে ভয়াবহ সময় পার করেছেন নাথান রোলিনসন। হুইলচেয়ার ব্যবহারকারী এই ব্যক্তি জানান লিফটটি হঠাৎ অস্বাভাবিকভাবে লাফাতে শুরু করে। উদ্ধারের জন্য কর্তৃপক্ষের সহায়তা চাইলে তাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বলা হয়। পরে ফায়ার ব্রিগেডের সহায়তায় তিনি মুক্ত হতে সক্ষম হন। এই ঘটনায় তিনি পরিবহন কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন।
গত ১৬ ফেব্রুয়ারি লন্ডন ব্রিজ স্টেশনে এই ঘটনা ঘটে। নাথান রোলিনসন তার সাহায্যকারী কুকুর নিয়ে লিফটে উঠেছিলেন। হঠাৎ লিফটটি অস্বাভাবিকভাবে ওপর নিচে ওঠানামা শুরু করলে তিনি জরুরি বোতাম চেপে সহায়তা চান। স্টেশনের কর্মীরা তাকে জানান যে লিফট ঠিক করার ইঞ্জিনিয়ার আসতে অন্তত দুই ঘণ্টা সময় লাগতে পারে।
দীর্ঘ সময় লিফটের ভেতরে আটকে থাকার আশঙ্কায় নাথান নিজেই ফায়ার ব্রিগেডকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা মাত্র দশ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। তারা হাতে চালিত পদ্ধতিতে লিফটের অবস্থান ঠিক করে দরজা খুলে নাথানকে বের করে আনেন।
ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। সংস্থাটি জানায় তারা লিফট রক্ষণাবেক্ষণে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। তবে নাথানের দাবি যাতায়াত ব্যবস্থার মাত্র এক-তৃতীয়াংশ প্রতিবন্ধীবান্ধব এবং যাতায়াত করতে গিয়ে প্রায়ই লিফট বা বাসের র্যাম্প নষ্ট থাকার কারণে তাদের চরম ভোগান্তি পোহাতে হয়।
#londonnews #tube #accessibility #aknews #onebanglanews















