ব্রিটেনে নকল কসমেটিকস জ*ব্দ, ক্রেতাদের সতর্ক করল কর্তৃপক্ষ…

134

সাইফ হাসান: যুক্তরাজ্যজুড়ে জ*ব্দ করা বিপুল পরিমাণ নকল সৌন্দর্যচর্চা ও প্রসাধন সামগ্রীতে পারদ, সীসা ও মিথানলের মতো মারাত্মক বি*ষাক্ত উপাদান পাওয়া গেছে। দেশটির ট্রেডিং স্ট্যান্ডার্ডস জানিয়েছে, জনপ্রিয় ও ব্যয়বহুল ব্র্যান্ডগুলোর হুবহু নকল তৈরি করে সাধারণ মানুষের কাছে বিক্রি করছে একদল প্র*তারক চক্র। গবেষণাগারে এসব পণ্যের নমুনা পরীক্ষা করে ক্ষ*তিকর রাসায়নিকের ভয়াবহ উপস্থিতি শনাক্ত করা হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের একটি বড় অংশ জেনে বা না জেনে অনলাইন থেকে এসব নকল পণ্য কিনছে। এমন পরিস্থিতিতে সাধারণ ভোক্তাদের সুরক্ষায় দেশজুড়ে বিশেষ সচেতনতামূলক অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।

ট্রেডিং স্ট্যান্ডার্ডসের পরিচালিত পরীক্ষায় একটি স্কিনকেয়ার পণ্যে প্রতি ১০ লাখে ১৩ হাজার ২০০ ভাগ পর্যন্ত পারদ পাওয়া গেছে। এছাড়া লিপস্টিক ও আইশ্যাডোতে অতিরিক্ত মাত্রায় সীসা এবং কিছু পারফিউমে নিকোটিন ও প্রায় ৮০ শতাংশ পর্যন্ত বিষাক্ত মিথানল শনাক্ত করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, গত এক বছরে ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীদের প্রায় ২০ শতাংশ জেনেবুঝেই নকল প্রসাধন কিনেছেন, যা ২০২৩ সালে ছিল মাত্র ৬ শতাংশ।

গত জুলাই মাসে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ ও বিশেষায়িত অপরাধ তদন্ত ইউনিট যৌথ অভিযান চালিয়ে ১ হাজার ৬৬৬টি নকল হেয়ার প্রোডাক্ট জব্দ করে। এছাড়া বোল্টন এলাকার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ পাউন্ড মূল্যের নকল প্রসাধনী, পোশাক ও ভ্যাপ উদ্ধার করে ট্রেডিং স্ট্যান্ডার্ডস। তদন্তে দেখা গেছে, যারা এসব নকল প্রসাধনী কিনছেন তাদের প্রতি চারজনের তিনজনই অনলাইনে অর্ডার করেছিলেন।

বিষাক্ত রাসায়নিকের প্রভাব সম্পর্কে সতর্ক করে স্বাধীন বিষতত্ত্ববিদ রানি ঘোষ জানান, খালি চোখে পণ্য দেখে বোঝার উপায় নেই যে ভেতরে কী মারাত্মক উপাদান মেশানো হয়েছে। পারদ ও সীসার মতো রাসায়নিক মানুষের মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র ও কিডনির অপূরণীয় ক্ষতি করতে পারে, যা বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

আইপিওর কর্মকর্তা হেলেন বার্নহাম জানান, জালিয়াত চক্র প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোর সুনাম ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে এসব অনিরাপদ পণ্য তৈরি করছে। নকল পণ্যের এমন বিস্তার ঠেকাতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে ‘ফেস দ্য ফেকস’ নামে একটি বিশেষ প্রচার অভিযান শুরু করেছে আইপিও। ব্রিটিশ বিউটি কাউন্সিলের প্রধান নির্বাহী মিলি কেন্ডাল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভোক্তাদের কেবল বিশ্বস্ত ও অনুমোদিত উৎস থেকেই প্রসাধন সামগ্রী কেনার আহ্বান জানিয়েছেন।

#যুক্তরাজ্যসংবাদ #নকলপ্রসাধন #স্বাস্থ্যসচেতনতা #aknews #onebanglanews