লন্ডনের প্রাচীন বন রক্ষায় সোচ্চার কাউন্সিল ও সাধারণ মানুষ

43

সাইফ হাসান: লন্ডনের লুইশামে অবস্থিত একটি ৫০০ বছরের প্রাচীন বন রক্ষায় জমি মালিককে তা ন্যায্য মূল্যে বিক্রির আহ্বান জানিয়েছে স্থানীয় কাউন্সিল। দীর্ঘ ২৫ বছর ধরে জনসাধারণের জন্য বন্ধ থাকা এই বনটি বর্তমানে ধ্বংসের মুখে রয়েছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। সংরক্ষিত এই সবুজ ভূমিটি রক্ষার জন্য স্থানীয়রা আন্দোলন শুরু করেছেন এবং এর বাজার মূল্য নিয়ে মালিকপক্ষের সাথে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রাচীন গাছ ও বিপন্ন প্রজাতির আবাসস্থল এই বনটি বাঁচাতে ইতিমধ্যে বিপুল অর্থ সংগ্রহ করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

লুইশামের এই প্রাচীন বনটির নাম গর্ন উড যা বর্তমানে এএ হোমস নামক একটি ডেভেলপার কোম্পানির মালিকানাধীন। লন্ডন সিপআরই-এর একটি নতুন প্রতিবেদনে জানানো হয়েছে যে লন্ডনের যে ৫০টি সবুজ এলাকা হুমকির মুখে রয়েছে তার মধ্যে এই বনটি অন্যতম। যদিও এলাকাটি ‘মেট্রোপলিটন ওপেন ল্যান্ড’ হিসেবে স্বীকৃত এবং এখানে ৫০০ বছরের পুরনো গাছ ও বিরল প্রজাতির তৌনি পেঁচা ও কাঠঠোকরা পাখির বসবাস রয়েছে।

ক্যাম্পেইনার আন্না মারিয়া কাহালানে জানিয়েছেন যে এই বনের জমির প্রকৃত মূল্য প্রায় ৬০ হাজার পাউন্ড হলেও মালিকপক্ষ এর দাম চাইছে ৩০ লাখ পাউন্ড। তিনি অভিযোগ করেন যে সেখানে বাড়ি নির্মাণের কোনো অনুমতি না থাকলেও অতিরিক্ত দাম হাঁকানো হচ্ছে। তিনি আরও জানান যে কাছের চারটি স্কুলের শিক্ষার্থীদের বাগান করার বা প্রকৃতির সাথে মেশার কোনো জায়গা নেই যারা এই বনটি ব্যবহার করতে পারতো।

লুইশাম কাউন্সিলের পক্ষ থেকে কাউন্সিলর জেমস-জে ওয়ালশ বলেছেন যে স্থানীয় পরিকল্পনায় এই বনটিকে বিশেষ সুরক্ষা দেওয়া হয়েছে। ফলে এখানে বড় কোনো নির্মাণের সুযোগ নেই বললেই চলে। তিনি মালিকপক্ষকে গঠনমূলক আলোচনায় বসার এবং বনের সুরক্ষা বজায় রেখে ন্যায্য মূল্যে তা বিক্রির পরামর্শ দিয়েছেন।

ফোরথ রিজার্ভ নামক একটি ক্যাম্পেইন গ্রুপ ইতিমধ্যে এই জমিটি কিনে নেওয়ার জন্য ১ লাখ ৩০ হাজার পাউন্ড সংগ্রহ করেছে। বর্তমানে জায়গাটিতে পুরনো সোফা ও চেয়ারসহ নানা আবর্জনা ফেলে রাখা হয়েছে এবং সেখানে থাকা একটি স্কাউট হাট ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এলাকাবাসীর দাবি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই ঐতিহাসিক প্রাকৃতিক সম্পদ রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

#londonnews #environment #nature #aknews #onebanglanews