সাইফ হাসান: ইলিং কাউন্সিল এলাকায় যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে ৫ লাখ ১০ হাজার পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এর পাশাপাশি অপ*রাধ ও অসামাজিক কার্যকলাপ দমনে শহরজুড়ে ৫০টি আধুনিক সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য ৮ লাখ ৬০ হাজার পাউন্ড বরাদ্দ দেওয়া হয়েছে। কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে যে নতুন এই বাজেটের মূল উদ্দেশ্য হলো বাসিন্দাদের জন্য একটি নিরাপদ ও সুন্দর শহর নিশ্চিত করা। কাউন্সিল প্রধান পিটার ম্যাসন জানিয়েছেন যে বাসিন্দাদের দাবি মেনেই তারা পরিচ্ছন্নতা ও জননিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
বাজেট অনুযায়ী ইলিংয়ের সাতটি শহরে রিমোট সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্ক স্থাপন করা হবে। এছাড়া রাস্তায় টহল দেওয়ার জন্য বিশেষ এনফোর্সমেন্ট টিম মোতায়েন করা হবে যা অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করবে। অপরাধীদের সতর্ক করতে এবং অসামাজিক কর্মকাণ্ড কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ৫ লাখ ৪০ হাজার পাউন্ডের একটি নতুন রিসাইক্লিং সার্ভিস চালু করা হচ্ছে। এর অধীনে বিভিন্ন এলাকায় মেগা স্কিপ ভ্যান ঘুরবে যাতে মানুষ সহজেই অপ্রয়োজনীয় বর্জ্য ফেলে দিতে পারে। এছাড়া রাস্তার পাশে পরিত্যক্ত গাড়ি এবং অবৈধ বসতি বা এইচএমও সমস্যার সমাধানেও কাজ করবে কাউন্সিল।
শহরের পার্ক ও খেলার মাঠের উন্নয়নে ১.৬ মিলিয়ন পাউন্ডের বিশাল তহবিল বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ দিয়ে শিশুদের খেলার সরঞ্জাম সংস্কার করা হবে এবং রাতেও যাতে শিশুরা খেলাধুলা করতে পারে সেজন্য নতুন ফ্লাডলাইট বসানো হবে। এছাড়া রাস্তার আলো উন্নত করার জন্য আলাদাভাবে ২ লাখ পাউন্ড বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে।
এই নতুন উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য কাউন্সিল ট্যাক্স ৪.৯৯ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ব্যান্ড-ডি ক্যাটাগরির জন্য বার্ষিক প্রায় ৭৭.৩৮ পাউন্ড ট্যাক্স বাড়তে পারে যা মোট ১,৬২৮.০২ পাউন্ডে দাঁড়াবে। কাউন্সিলর স্টিভ ডোনেলি জানিয়েছেন যে বছরের পর বছর দক্ষ পরিচালনার কারণেই তারা আজ এই বিপুল পরিমাণ বিনিয়োগ সম্ভব করছেন।
#ইলিংনিউজ #লন্ডন #বাজেট #নিরাপত্তা #পরিচ্ছন্নতা #aknews #onebanglanews















