পেনশনভোগীদের জন্য সুখবর, সপ্তাহে মিলবে অতিরিক্ত ১১৮.৬০ পাউন্ড ভাতা…

25

সাইফ হাসান: যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বা ডিডব্লিউপি পরিবারগুলোর জন্য বছরে সর্বোচ্চ ৬ হাজার ১৬৭ পাউন্ডের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। অ্যাটেনডেন্স অ্যালাউন্সের আওতায় এপ্রিল মাস থেকে যোগ্য ব্যক্তিদের সপ্তাহে সর্বোচ্চ ১১৮.৬০ পাউন্ড করে দেওয়া হবে। সবচেয়ে বড় সুবিধা হলো, এই ভাতা পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীর আয় বা ব্যাংকে জমানো টাকার কোনো হিসাব দেখা হবে না। মূলত শারীরিক বা মানসিক অ*সুস্থতার কারণে যাদের দৈনন্দিন কাজে অন্যের সাহায্য প্রয়োজন হয়, এমন পেনশনভোগীরাই এই অর্থ পাবেন।

নতুন নিয়ম অনুযায়ী, এই ভাতার দুটি ধাপ নির্ধারণ করা হয়েছে এবং আবেদনকারীর দৈনন্দিন চাহিদার ওপর ভিত্তি করে অর্থের পরিমাণ ঠিক করা হবে। যাদের শুধু দিনে অথবা শুধু রাতে দেখাশোনার প্রয়োজন হয়, তাদের সাপ্তাহিক ভাতা ২.৭০ পাউন্ড বাড়িয়ে ৭৯.৪০ পাউন্ড করা হয়েছে। আর যাদের দিন ও রাত উভয় সময়েই সহায়তা লাগে কিংবা যারা গুরুতর অসুস্থ, তাদের ভাতা সপ্তাহে ৪ পাউন্ড বাড়িয়ে ১১৮.৬০ পাউন্ড করা হয়েছে।

বয়স্কদের নিয়ে কাজ করা সংস্থা এজ ইউকে জানিয়েছে, এই অর্থ করমুক্ত এবং এটি পাওয়ার কারণে পেনশন ক্রেডিট, হাউজিং বেনিফিট বা কাউন্সিল ট্যাক্স ছাড়ের মতো অন্যান্য সরকারি সুবিধাগুলো বন্ধ হবে না। দৃষ্টি বা শ্রবণশক্তির সমস্যা এবং ডিমেনশিয়ার মতো যেকোনো শারীরিক বা মানসিক অসুস্থতায় ভোগা রাষ্ট্রীয় পেনশন বয়সীরা এই ভাতার জন্য আবেদন করতে পারবেন। তবে সাধারণ রোগীদের ক্ষেত্রে অন্তত ছয় মাস ধরে এ ধরনের সাহায্যের প্রয়োজন হতে হবে, যদিও মারাত্মক অসুস্থ ব্যক্তিরা সাথে সাথেই আবেদন করার সুযোগ পাবেন।

আইটিভির জনপ্রিয় অনুষ্ঠানে আর্থিক বিশেষজ্ঞ মার্টিন লুইস জানিয়েছেন, ১৯৮১ সালের এক আইনি সংজ্ঞার ওপর ভিত্তি করে এখনও এই ভাতার যোগ্যতা নির্ধারণ করা হয়। শ্বাস-প্রশ্বাস, দেখা, শোনা, খাওয়া-দাওয়া, হাঁটাচলা, ঘুম থেকে ওঠা বা পোশাক পরার মতো সাধারণ কাজগুলো করতে যাদের অন্যের সাহায্য লাগে, তারাই এই ভাতার আওতায় পড়বেন। পারকিনসন, শারীরিক অক্ষমতা, ডিমেনশিয়া এবং অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিরা সহজেই এই ভাতা পেতে পারেন এবং প্রয়োজনে রোগীর পক্ষে অন্য কেউ আবেদন করতে পারবেন।

#যুক্তরাজ্য #ডিডব্লিউপি #পেনশন #ভাতা #aknews #onebanglanews