সাইফ হাসান: যুক্তরাজ্যের ইস্ট সাসেক্সে আশ্রয়প্রার্থীদের ক্যাম্পের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি ও গাড়িতে আ*ঘাত করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ক্রোবরো ট্রেনিং ক্যাম্পের বাইরে একটি গাড়ি বের হওয়ার সময় অভিযুক্তরা পথ আটকে চালককে হুমকি দেয় ও গালিগালাজ করে। পুলিশ জানিয়েছে, জনশৃঙ্খলা ভঙ্গের দায়ে আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
সাসেক্স পুলিশ শনিবার ৩৬ ও ৫৪ বছর বয়সী দুই পুরুষ এবং ৬২ বছর বয়সী এক নারীকে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, শুক্রবার ক্যাম্পের গেটে যখন একটি গাড়ি বের হচ্ছিল, তখন এই তিনজন সেটির গতিরোধ করে। তারা গাড়ির গায়ে জোরে আ*ঘাত করে এবং ভেতরে থাকা যাত্রীদের ভয়ভীতি দেখায়।
পুলিশের একজন মুখপাত্র জানান, শুরুতে সেখানে শান্তিপূর্ণ জটলা থাকলেও পরে পরিস্থিতি খারাপ হয়। অভিযুক্তরা চিৎকার করে গালিগালাজ শুরু করে এবং গাড়ি আটকে চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। নিরাপত্তার স্বার্থে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তাদের হেফাজতে নেয়।
ক্রোবরো ট্রেনিং ক্যাম্পটি বর্তমানে আশ্রয়প্রার্থীদের থাকার জন্য ব্যবহার করা হচ্ছে যেখানে এখন ২৭ জন মানুষ আছেন। ব্রিটিশ সরকার এখানে ৫০০ জন মানুষকে রাখার পরিকল্পনা করেছে যাতে হোটেলের ব্যবহার কমানো যায়। তবে স্থানীয় কাউন্সিল ও প্রতিবেশীরা সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে।
#UKNews #AsylumSeekers #SussexPolice #BanglaNews #aknews #onebanglanews















