ভুল চিকিৎসায় শিশুদের শারীরিক ক্ষতির ঘটনায় ক্ষমা চাইল হাসপাতাল কর্তৃপক্ষ

117

সাইফ হাসান: লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতাল ভুল চিকিৎসার শিকার শিশুদের পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে। বিতর্কিত সার্জন ইয়াসের জব্বারের ভুল অপারেশনের কারণে বহু শিশু দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছে। আগামী ২৯ জানুয়ারি এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশের আগেই হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগীদের চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করেছে।

অর্থোপেডিক সার্জন ইয়াসের জব্বার গত পাঁচ বছর ধরে শিশুদের হাড় ও অঙ্গ পুনর্গঠনের চিকিৎসা দিচ্ছিলেন। তদন্তে দেখা গেছে, তার ভুল চিকিৎসার কারণে অনেক শিশুকে অকারণে দীর্ঘস্থায়ী ব্যথা ও শারীরিক বিকৃতি বরণ করতে হয়েছে। বর্তমানে এই চিকিৎসকের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং তিনি বিদেশে অবস্থান করছেন।

হাসপাতালের প্রধান নির্বাহী ম্যাথিউ শ এক চিঠিতে পরিবারগুলোর কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন। তিনি জানান, শিশুদের ওপর দিয়ে যে ধকল গেছে তা কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। তবে হারানো বিশ্বাস পুনরুদ্ধারে হাসপাতাল কর্তৃপক্ষ স্বচ্ছতার সাথে তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে।

ইতিমধ্যে ৭৮৯ জন শিশুর চিকিৎসার তথ্য পর্যালোচনা করা হয়েছে এবং অনেকের পুনরায় অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা প্রকাশিতব্য প্রতিবেদনটি খতিয়ে দেখবে, যদিও এখন পর্যন্ত কোনো ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়নি।

#লন্ডন #স্বাস্থ্যসেবা #যুক্তরাজ্য #aknews #onebanglanews