টেমস নদীতে নারীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারানো তরুণ পেলেন সম্মাননা

123

সাইফ হাসান: লন্ডনের টেমস নদীতে এক নারীকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করা তরুণ ফোলাজিমি জিমিকে মরণোত্তর সম্মাননা জানানো হয়েছে। ২০২১ সালের সেই সাহসিকতার জন্য তাকে ‘কিংস কমেন্ডেশন ফর ব্রেভারি’ পুরস্কারে ভূষিত করেছেন রাজা তৃতীয় চার্লস। তার সাথে উদ্ধারকাজে অংশ নেওয়া আরেক তরুণ জোয়াকিম গার্সিয়াও একই সম্মাননা পেয়েছেন। অন্যের জীবন বাঁচাতে গিয়ে এই দুই তরুণ যে বীরত্ব দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়।

২০২১ সালের এপ্রিল মাসে কাজ শেষে বাড়ি ফেরার পথে টেমস নদীতে এক নারীর বাঁচার আকুতি শোনেন ২০ বছর বয়সী জিমি। তাকে বাঁচাতে জিমি এবং জোয়াকিম গার্সিয়া নামের আরেক যুবক লন্ডন ব্রিজের কাছে নদীতে ঝাঁপ দেন।

কোস্টগার্ড ও মেরিন পুলিশ গার্সিয়া ও ওই নারীকে জীবিত উদ্ধার করতে পারলেও জিমির কোনো খোঁজ মেলেনি। দীর্ঘ প্রায় ছয় ঘণ্টা পর নদী থেকে তার মৃ*তদেহ উদ্ধার করা হয় যা সবাইকে গভীরভাবে শোকাহত করে।

২৬ বছর বয়সী গার্সিয়াও একই সাহসিকতার পুরস্কার পেয়েছেন। তিনি বলেন, এই সম্মান তাকে মানসিক শান্তি দিয়েছে এবং তিনি গর্বিত যে তার প্রচেষ্টায় ওই নারী বেঁচে আছেন। তবে জিমির মৃত্যু তার জীবনের অন্যতম বেদনাদায়ক ঘটনা বলে উল্লেখ করেন তিনি।

যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, অচেনা মানুষের জন্য তারা যেভাবে নিজেদের জীবন বাজি রেখেছিলেন তা সত্যিকারের নিঃস্বার্থতার পরিচয় দেয়। জিমির এই মরণোত্তর পুরস্কার তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

#লন্ডন #সাহসিকতা #যুক্তরাজ্য #aknews #onebanglanews