সাইফ হাসান: লন্ডনের ওভারগ্রাউন্ডের উইন্ডরাশ লাইনে তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন কর্মীরা। বেতন বৃদ্ধি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে আরএমটি ইউনিয়ন। আগামী ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে এই ধর্মঘট পালন করা হবে বলে জানানো হয়েছে। এতে যাত্রীদের বড় ধরণের ভোগান্তিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রেল, মেরিটাইম এবং ট্রান্সপোর্ট ইউনিয়ন বা আরএমটি জানিয়েছে তাদের সদস্যরা ২৬ ফেব্রুয়ারি, ২৬ মার্চ এবং ২৩ এপ্রিল কাজ বন্ধ রাখবেন। মূলত সিগন্যালিং ও টেলিকমিউনিকেশন বিভাগের কর্মীরা এই ২৪ ঘণ্টার ধর্মঘটে অংশ নেবেন। তারা উইন্ডরাশ লাইনে কর্মরত আছেন।
কর্মীদের অভিযোগ, ঠিকাদার প্রতিষ্ঠান ক্লেশার তাদের মাত্র ১.৫ শতাংশ বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছে যা অপমানজনক। আরএমটি সাধারণ সম্পাদক এডি ডেম্পসি বলেছেন, এত অল্প বেতন বৃদ্ধির প্রস্তাব মেনে নেওয়া অসম্ভব তাই তারা ধর্মঘটে যেতে বাধ্য হচ্ছেন।
ট্রান্সপোর্ট ফর লন্ডন বা টিএফএল দুই পক্ষকে আলোচনা করে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। তারা বলছে, ধর্মঘটের ফলে যাত্রীদের যাতে খুব বেশি সমস্যা না হয় সেজন্য তারা বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করছে। এর আগে সেপ্টেম্বরেও একই দাবিতে কর্মীরা কর্মবিরতি পালন করেছিলেন।
#লন্ডন #ধর্মঘট #উইন্ডরাশ #aknews #onebanglanews















