শিক্ষার্থীদের পড়ার চাপ কমাতে ইংল্যান্ডে বদলে যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম

2

সাইফ হাসান: ইংল্যান্ডের মাধ্যমিক স্কুলগুলোতে সময়ের আগেই জিএসইসি বিষয়ের পড়াশোনা চাপিয়ে দেওয়ার প্রবণতা বন্ধ করতে চায় সরকার। শিক্ষামন্ত্রী লুসি পাওয়েল সতর্ক করে বলেছেন, কম বয়সী শিক্ষার্থীদের ওপর এই বাড়তি চাপের কারণে স্কুলগুলো আগাম পরীক্ষার কারখানায় পরিণত হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি অনাগ্রহ বাড়ছে বলে তিনি মন্তব্য করেন। এই পরিস্থিতি মোকাবেলায় ইয়ার টেনের আগে জিএসইসি পড়ানো নিরুৎসাহিত করা এবং সিলেবাসের পরিধি কমানোর পরিকল্পনা নিয়েছে শিক্ষা বিভাগ।

বর্তমানে অনেক মাধ্যমিক স্কুলেই সিলেবাস শেষ করার জন্য ইয়ার নাইন বা তার আগেই জিএসইসি পর্যায়ের পড়াশোনা শুরু করে দেওয়া হয়। লুসি পাওয়েল সানডে টাইমসকে জানিয়েছেন, তিনি এই প্রথার বিরোধী এবং জিএসইসি কোর্সের পরিধি কমানো হলে নির্ধারিত ইয়ার টেন ও ইয়ার ইলেভেনেই তা সহজে শেষ করা সম্ভব হবে। শিক্ষা বিভাগ জানিয়েছে, ২০২৭ সালের শুরুতে প্রকাশ হতে যাওয়া নতুন জাতীয় শিক্ষাক্রমে এই প্রস্তাবগুলো যুক্ত করা হবে, যাতে ধনী ও দরিদ্র শিক্ষার্থীদের বৈষম্য কমে এবং সবাই আনন্দের সাথে লেখাপড়া শিখতে পারে।

শিক্ষামন্ত্রী আরও জানান, মাধ্যমিকের শুরুর বছরগুলোতে শিশুদের আগ্রহের বিষয়গুলো খুঁজে বের করার সুযোগ দেওয়া উচিত, কিন্তু অতিরিক্ত সিলেবাসের চাপে তাদের মৌলিক জ্ঞান অর্জনের আগেই পরীক্ষার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তবে সরকারের এই নতুন নীতিমালা বাধ্যতামূলক হবে না এবং কোনো শিক্ষার্থী সক্ষম হলে স্কুলগুলো তাদের আগেভাগে জিএসইসি পড়ানোর স্বাধীনতা পাবে। এছাড়া পিছিয়ে পড়া শ্রমজীবী পরিবারের শ্বেতাঙ্গ শিশুদের শিক্ষার মান উন্নয়নেও বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন লুসি পাওয়েল।

#ইংল্যান্ড #শিক্ষাব্যবস্থা #জিএসইসি #লুসিপাওয়েল #aknews #onebanglanews