সাইফ হাসান: লন্ডনের বাস স্টপে এক বৃদ্ধাকে নৃশংসভাবে হ*ত্যার ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক যুবককে অনির্দিষ্টকালের জন্য আটক রাখার নির্দেশ দিয়েছে আদালত। জ্বালা দেবেলা নামের ওই যুবক প্রকাশ্য দিবালোকে ভুক্তভোগীকে ১৮ বার আ*ঘাত করে মৃত্যু নিশ্চিত করে। গত বছর মে মাসে ঘটা এই লোমহর্ষক ঘটনার পর আদালত তাকে মানসিক হাসপাতালে আজীবন চিকিৎসার অধীনে রাখার রায় দিয়েছে। নিহতের পরিবার এই ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।
২৪ বছর বয়সী জ্বালা দেবেলা গত বছরের মে মাসে উত্তর লন্ডনের এক বাস স্টপে ৬৬ বছর বয়সী আনিতা মুখীকে আক্রমণ করে। ঘটনার মাত্র এক ঘণ্টা আগে অনলাইনে অর্ডার করা একটি শিকারি ছুরি তার বাড়িতে পৌঁছায়, যা দিয়ে সে এই নৃশংস হামলা চালায়। বিচারক ফিলিপ ক্যাটজ কেসি ভুক্তভোগীকে তার পরিবারের প্রাণকেন্দ্র হিসেবে বর্ণনা করেছেন।
মানসিকভাবে অসুস্থ থাকায় দেবেলার বিরুদ্ধে সাধারণ খুনের মামলা চালানো সম্ভব হয়নি, তবে জুরি নিশ্চিত করেছেন যে তিনিই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আদালতের নির্দেশে তাকে এখন অনির্দিষ্টকালের জন্য অ্যাশওয়ার্থ হাই সিকিউরিটি হাসপাতালে রাখা হবে। প্যারানয়েড সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এই যুবক এর আগেও মানসিক স্বাস্থ্য আইনের আওতায় আটক ছিলেন।
তদন্তে জানা গেছে, দেবেলা অনলাইনে সহিংস ভিডিও দেখতে পছন্দ করতেন এবং সেই সহিংসতার অনুকরণেই এই হামলা চালিয়েছেন। মানসিক স্বাস্থ্য পুনর্বাসন কেন্দ্রে থাকার পরেও কীভাবে তিনি অনলাইনে মারণাস্ত্র কিনলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে নিহতের পরিবার। তাদের মতে, চিকিৎসকদের দেওয়া তথ্যের সাথে বাস্তব আচরণের কোনো মিল ছিল না।
নিহত আনিতার স্বামী হরি বলেন, তার স্ত্রীর মৃত্যুতে পরিবারে যে শূন্যতা তৈরি হয়েছে তা কখনও পূরণ হবে না। তিনি হামলাকারীর মানসিক অবস্থার মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিচারকও পুনর্বাসন কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ভবিষ্যতে তদন্তের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।
#লন্ডন #ক্রাইম #আদালত #aknews #onebanglanews















