রাজপ্রাসাদে অনুপ্রবেশের দায়ে যুবকের কারাদণ্ড

35

সাইফ হাসান: লন্ডনের কেনসিংটন প্যালেসে অবৈধভাবে প্রবেশের দায়ে ডেরেক ইগান নামের এক ব্যক্তিকে ৩২ সপ্তাহের জেল দেওয়া হয়েছে। ক্রিসমাসের ঠিক আগে দুইবার তিনি প্রাসাদের ভেতরে ঢুকে পড়েন যা নিরাপত্তার জন্য বড় হুমকি ছিল। আদালতে বিচারক যখন তাকে কারণ জিজ্ঞেস করেন তখন তিনি নিজেকে অপ*রাধী বলে দাবি করেন। জামিনের শর্ত ভেঙে তিনি পুনরায় সেখানে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

৩৯ বছর বয়সী ডেরেক ইগানকে ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালত মোট ৩২ সপ্তাহের সাজা দিয়েছে। বিচারক তান ইকরাম প্রতিটি অনুপ্রবেশের জন্য তাকে ১৬ সপ্তাহ করে কারাদণ্ড দেন যা পরপর ভোগ করতে হবে। হিলিংডনের এই বাসিন্দা রাজপরিবারের সদস্যদের বাসভবন হিসেবে পরিচিত এই প্রাসাদে দুইবার হানা দিয়েছিলেন।

আদালতে জানানো হয় যে গত ২২ ডিসেম্বর ভোর ৪টার দিকে ইগান প্রথমবার দেয়াল টপকে প্রাসাদের বাগানে ঢুকে পড়েন। পুলিশ তাকে ধরে থানায় নিয়ে যায় এবং জামিন দেয়, কিন্তু শর্ত ভঙ্গ করে তিনি পরদিন আবারও সেখানে ফিরে আসেন। অথচ জামিনের শর্ত অনুযায়ী তার ওই এলাকার আশেপাশে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ ছিল।

শুনানির সময় বিচারক যখন তাকে প্রাসাদে যাওয়ার কারণ জিজ্ঞেস করেন, ইগান বলেন, “কারণ আমি একজন অপরাধী।” বিচারক তার মানসিক অবস্থা বা জীবনে কোনো সমস্যা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন সবকিছু ঠিক আছে। তিনি আরও জানান যে একজন অপরাধী হিসেবে আদালতের যেকোনো রায় মেনে নিতে তিনি প্রস্তুত।

সুরক্ষিত কোনো এলাকায় অবৈধভাবে প্রবেশ করা ২০০৫ সালের আইন অনুযায়ী একটি গুরুতর অপরাধ। কেনসিংটন প্যালেস প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলসের বাসভবন হওয়ায় এর নিরাপত্তা অত্যন্ত কড়াকড়ি। ইগান আদালতে নিজের পক্ষ নিজেই সমর্থন করেছিলেন এবং বিচারক তার অপরাধকে বেশ গুরুতর হিসেবে উল্লেখ করেছেন।

#লন্ডন #রাজপ্রাসাদ #আদালত #aknews #onebanglanews