ইউনিয়ন গঠনের আগেই ছাঁটাই, টিকটকের বিরুদ্ধে কর্মীদের আইনি লড়াই

124

সাইফ হাসান: লন্ডনে ইউনিয়ন গঠনের ঠিক আগেই প্রায় ৪০০ কর্মীকে ছাঁটাই করায় টিকটকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন ভুক্তভোগী মডারেটররা। কর্মীরা অভিযোগ করেছেন যে তাদের শিশু নির্যাতন, সে\*ক্স ভায়োলেন্স ও যু\*দ্ধ সম্পর্কিত ভয়াবহ কন্টেন্ট দেখতে হতো, কিন্তু নিজেদের অধিকার আদায়ের আগেই তাদের সরিয়ে দেওয়া হয়েছে। যদিও টিকটক কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে একে এআই প্রযুক্তির কারণে প্রতিষ্ঠানের স্বাভাবিক পুনর্গঠন বলে দাবি করেছে।

গত ক্রিসমাসের ঠিক আগে লন্ডনে কর্মরত প্রায় ৪০০ মডারেটরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ইউনিয়ন গঠনের জন্য নির্ধারিত ভোটের মাত্র এক সপ্তাহ আগে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছিল। কর্মীরা দাবি করেছেন, তাদের অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে এবং এটি স্পষ্টত শ্রম আইনের লঙ্ঘন।

কমিউনিকেশন ওয়ার্কার্স ইউনিয়নের কর্মকর্তা জন চ্যাডফিল্ড বলেছেন, টিকটক মূলত ইউনিয়ন ভাঙার জন্যই এই কৌশল নিয়েছে। তিনি জানান, মডারেটরদের শিশু নির্যাতন, হত্যাকাণ্ড এবং যুদ্ধের ভয়াবহ সব ভিডিও পর্যবেক্ষণ করতে হয় যা মানসিকভাবে অত্যন্ত কষ্টের। ব্রিটেনে টিকটকের ৩০ মিলিয়ন ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে তারা কম বেতনেও এই ঝুঁকিপূর্ণ কাজ করে আসছিলেন।

টিকটক কর্তৃপক্ষ অবশ্য এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, বর্তমানে ৯১ শতাংশ আপত্তিকর কন্টেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয়, তাই মানুষের ওপর নির্ভরতা কমছে। বিশ্বজুড়ে প্রতিষ্ঠানের পুনর্গঠনের অংশ হিসেবেই এই ছাঁটাই করা হয়েছে বলে তারা জানিয়েছে।

আইনি সহায়তা প্রদানকারী সংস্থা ফক্সগ্লোভ এবং লেই ডে ল ফার্ম ছাঁটাই হওয়া কর্মীদের পাশে দাঁড়িয়েছে। তারা বলছে, নিরাপত্তা কর্মীদের এভাবে সরিয়ে দেওয়া ব্যবহারকারীদের জন্য বড় ধরণের ঝুঁকি তৈরি করবে। আদালতের মাধ্যমেই তারা এই অন্যায়ের বিচার চাইছেন এবং ট্রাইব্যুনালে মামলাটি লড়বেন।

#TikTok #UKNews #TechNews #WorkersRights #aknews #onebanglanews