বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে সিঙ্গাপুর ১০ নম্বরে আমেরিকা

230

সাইফ হাসান: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এবারও শীর্ষস্থান দখল করেছে এশিয়ার দেশ সিঙ্গাপুর। হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ এর নতুন তালিকায় দেখা গেছে এশিয়ার দেশগুলোর দাপট অব্যাহত রয়েছে। জাপানি ও দক্ষিণ কোরিয়ান পাসপোর্টধারীরাও দ্বিতীয় অবস্থানে থেকে বিশ্বের অধিকাংশ দেশে অবাধ ভ্রমণের সুযোগ পাচ্ছেন। তবে তালিকায় কিছুটা পিছিয়ে ১০ নম্বর অবস্থানে জায়গা পেয়েছে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র।

সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা এখন বিশ্বের ১৯২টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা পাচ্ছেন। যদিও গত বছরের তুলনায় পাকিস্তান ও সোমালিয়ার মতো কয়েকটি দেশে তাদের এই সুবিধা বাতিল হয়েছে, তবুও তারা তালিকার শীর্ষেই আছে। তালিকার দ্বিতীয় স্থানে যৌথভাবে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের নাগরিকরা ১৮৮টি দেশে কোনো পূর্বানুমতি ছাড়াই যেতে পারেন।

ইউরোপের দেশগুলোর মধ্যে ডেনমার্ক, স্পেন ও সুইডেনসহ পাঁচটি দেশ যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে। তবে এবারের তালিকায় সবচেয়ে বড় চমক দেখিয়েছে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত। দেশটি গত ২০ বছরে ৫৭ ধাপ এগিয়ে এবার পঞ্চম স্থানে উঠে এসেছে এবং তাদের নাগরিকরা ১৮৪টি দেশে ভিসামুক্ত সুবিধা ভোগ করছেন।

এশিয়ার আরেক দেশ মালয়েশিয়া ১৮০টি গন্তব্যে ভিসামুক্ত সুবিধাসহ নবম স্থানে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট কিছুটা দুর্বল হয়ে ১০ম স্থানে নেমে গেছে, মার্কিন নাগরিকরা মাত্র ১৭৯টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন। এছাড়া যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া যৌথভাবে সপ্তম অবস্থানে রয়েছে।

#PassportIndex2026 #TravelNews #SingaporePassport #aknews #onebanglanews