সাইফ হাসান: যুক্তরাজ্যের এক কঠিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা চলাকালীন আফগান নারী ও শিশুদের জন্য তহবিল সংগ্রহ করায় এক ব্রিটিশ নারী দৌড়বিদকে হ*ত্যার হুমকি দেওয়া হয়েছে। সারাহ পোর্টার নামের ওই নারী ১০৮ মাইলের ম্যারাথনে অংশ নিয়েছিলেন কিন্তু নিরাপত্তার কথা বিবেচনা করে আয়োজকরা তাকে মাঝপথেই থামিয়ে দিতে বাধ্য হন। দৌড়বিদ জানান, তার জীবনের নিরাপত্তা নিয়ে হুমকি আসার পর ট্র্যাকিং ডিভাইস বন্ধ করে তাকে সরিয়ে নেওয়া হয় যা তার জন্য অত্যন্ত লজ্জাজনক ও হতাশার ছিল।
সারাহ পোর্টার মন্টেন উইন্টার স্পাইন চ্যালেঞ্জার সাউথ নামের ১০৮ মাইলের এক দুর্গম দৌড়ে অংশ নিয়েছিলেন। তিনি যখন দৌড়ের প্রায় তিন ভাগের এক ভাগ শেষ করেছেন, ঠিক তখনই আয়োজকরা তাকে প্রতিযোগিতা থেকে সরিয়ে নেওয়ার কঠিন সিদ্ধান্ত নেন। মূলত যুদ্ধবিধ্বস্ত এলাকার নারী ও শিশুদের সাহায্যকারী একটি সংস্থার হয়ে কাজ করায় তাকে এই হ*ত্যার হুমকি দেওয়া হয়।
গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে সারাহ তার হতাশা প্রকাশ করে বলেন, তাৎক্ষণিকভাবে তিনি খুব লজ্জা অনুভব করেছিলেন। তিনি মনে করছিলেন যে তিনি সেইসব মেয়েদের হতাশ করেছেন যাদের জন্য তিনি দৌড়াচ্ছিলেন। তিনি আরও বলেন, আফগান নারীরা যে কষ্ট সহ্য করছেন তার তুলনায় তার এই প্রচেষ্টা খুবই নগণ্য মনে হচ্ছিল।
দৌড় শুরুর আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হলেও পরে পরিস্থিতি বদলে যায়। স্পাইন রেস কর্তৃপক্ষ তাকে জানায় যে তার নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে। এরপর তার ট্র্যাকিং ডিভাইস নিষ্ক্রিয় করে দেওয়া হয় এবং স্ট্যান্ডএজ চেকপয়েন্টে পৌঁছানোর পর তাকে প্রতিযোগিতা থেকে সরিয়ে নেওয়া হয়। আয়োজকরা জানিয়েছেন, অন্য প্রতিযোগীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে আয়োজকদের প্রতি কোনো ক্ষোভ নেই সারাহর। তিনি তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন এবং বলেছেন এই ঘটনা তাকে ভবিষ্যতে আরও প্রতিযোগিতায় অংশ নিতে এবং তার কাজ চালিয়ে যেতে আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ করেছে। যুক্তরাজ্যের এই দৌড়টি অত্যন্ত কঠিন হিসেবে পরিচিত যেখানে প্রতিযোগীদের প্রচণ্ড শীত ও বাতাসের মোকাবিলা করতে হয়।
#UKNews #WomensRights #MarathonNews #aknews #onebanglanews















