সাইফ হাসান: দক্ষিণ-পূর্ব লন্ডনের উলউইচের বাসিন্দারা তাদের ফ্ল্যাটে অসহনীয় গরমের কারণে হাউজিং অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। বাসিন্দাদের অভিযোগ গ্রীষ্মকালে তাদের ঘরের তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় যা বসবাসের অযোগ্য। অতিরিক্ত গরম ও স্যাঁতসেঁতে পরিবেশের কারণে তারা অসুস্থ হয়ে পড়ছেন বলে দাবি করেছেন। এই ঘটনায় প্রথমবারের মতো হোম অ্যাক্ট ২০১৮-এর অধীনে অতিরিক্ত তাপমাত্রার জন্য কোনো আইনি মামলা হতে পারে।
উলউইচের কানাডা কোর্ট এবং ক্লুফটন লজের বাসিন্দারা দাবি করছেন তাদের ভবনগুলো বসবাসের উপযুক্ত নয়। কেইশা নামের এক বাসিন্দা জানান গত আট বছর ধরে তিনি সেখানে আছেন এবং গ্রীষ্মকালে তার ফ্ল্যাটের তাপমাত্রা ৪৩ ডিগ্রি পর্যন্ত উঠে যায়। তিনি অভিযোগ করেন যে ভবনের জানালাগুলো ঠিকমতো খোলা যায় না ফলে ভেতরের গরম আরও বেড়ে অসহনীয় হয়ে ওঠে।
টেন্যান্ট অ্যাসোসিয়েশনের প্রধান ক্রিস সায়ুডো জানান গ্রীষ্মে করিডোরের তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। তিনি বলেন বাতাস চলাচলের ব্যবস্থা বা ভেন্টিলেশন ঠিকমতো কাজ না করায় ভবনে ব্যাপক ছত্রাক বা মোল্ড জমেছে। এই পরিস্থিতিতে বাসিন্দারা ঠিকমতো ঘুমাতেও পারেন না এবং অনেকে অসুস্থ হয়ে পড়ছেন।
পিএ হাউজিংয়ের প্রধান নির্বাহী মাইকেল ম্যাকডোনাগ জানিয়েছেন তারা বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন। তিনি দাবি করেন ভবনগুলো যখন তৈরি হয়েছিল তখন সব নিয়ম মেনেই করা হয়েছিল তবে সেগুলো মূলত তাপ ধরে রাখার জন্য ডিজাইন করা। বাসিন্দাদের সহায়তার জন্য তারা এখন সারা বছর তাপমাত্রা পর্যবেক্ষণ করার ব্যবস্থা নিচ্ছেন।
#LondonHousing #Heatwave #TenantsRights #UKNews #aknews #onebanglanews















