ওয়ানবাংলানিউজ: প্রবাসী বাংলাদেশীদের মাঝে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এবং বাংলা ভাষার নিয়মিত চর্চাকে উংসাহিত করতে টিভি ওয়ান – এর সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান ‘ বাংলায় কথা বলি‘র ৫০তম আয়োজন হতে যাচ্ছে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাত ৯:৩০টায়। এ উপলক্ষে পর্বটিকে সাজানো হয়েছে বিশেষ আঙ্গিকে। আমন্ত্রণ জানানো হয়েছে ইতোমধ্যেই অনুষ্ঠানটিতে অংশ নিয়েছেন এমন ভিন্ন বয়সী অতিথিদের ।
এক ঘন্টা সময়সীমার বাংলায় কথা বলি দু‘টি পর্বে বিভক্ত। প্রথম পর্বে থাকে বাংলাদেশ ও বাংলা ভাষা কেন্দ্রিক একটি বিষয়ে অভিজ্ঞতা বিনিময়। আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি এ পর্বে অংশ নিতে পারেন দর্শকরাও। বাংলার পিঠা, দেশজ খেলা, নৌ ভ্রমণ,বাংলার পাখি এ সব কিছুই উঠে আসে বিষয় হিসেবে। আর দ্বিতীয় পর্বে এ বিষয়ের সাথে যুক্ত হয় বাংলার প্রকৃতি, সংস্কৃতি ও ভাষা নিয়ে মজার মজার সব ধাঁধাঁ। যাতে অংশ নিয়ে দর্শকরা লাইভ অনুষ্ঠানে আমন্ত্রিত হবার সুযোগ পান।
শুরু থেকে এ পর্যন্ত বিনোদনমূলক এ অনুষ্ঠানে শিশু কিশোরদের পাশাপাশি অংশ নিয়েছেন বিলেতের বিভিন্ন অঙ্গণের সফল ব্যক্তিত্বরা । যাদের মাঝে রয়েছেন বিলেতে নিযুক্ত বাংলাদেশ সরকারের প্রাক্তন প্রেস মিনিস্টিার নাদিম কাদের, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, জ্যোষ্ঠ অভিনেতা গোলাম কাদির, মুক্তির গান খ্যাত প্রবীণ গায়ক মাহমুদুর রহমান বেনু, জ্যোষ্ঠ সাংবাদিক আব্দুস সাত্তার, আবৃত্তি শিল্পী উদয় শংকর,
জনপ্রিয় উপস্থাপক উর্মি মাযহার, আবৃত্তি শিল্পী শহীদুল ইসলাম সাগর, আবৃত্তি শিল্পী সমর সাহা,সাংবাদিক তাইসির মাহমুদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব মোস্তফা কামাল, নাট্য ব্যক্তিত্ব অপু চৌধুরী, নাট্যকার ও পরিচালক মুরাদ খান, কম্যুনিটি ব্যক্তিত্ব আবু তাহের চৌধুরী , কবি ও ছড়াকার দিলু নাসের সহ আরো অনেকে।
বাংলায় কথা বলি উপস্থাপনা করেন নাট্যাভিনেতা জিয়াউর রহমান সাকলেন । পরিকল্পনা ও পরিচালনায় রয়েছেন মাহবুব রেজা চৌধুরী ।















