যুক্তরাজ্যের বয়স্ক জনসংখ্যা বৃদ্ধিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে তরুণ প্রজন্ম

150

সাইফ হাসান: যুক্তরাজ্যের ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যা দেশটির তরুণ প্রজন্মের জন্য মারাত্মক অর্থনৈতিক ও সামাজিক ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেছে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডস। লর্ডস কমিটির এক প্রতিবেদনে বলা হয়েছে সরকারের উদাসীনতার কারণে তরুণদের জীবনযাত্রার মান ও সরকারি অর্থায়নে নজিরবিহীন চাপ সৃষ্টি হতে পারে। বিদ্যমান পেনশন ব্যবস্থা ও বয়স্কদের সেবার সংকটকে একটি বড় কলঙ্ক হিসেবে অভিহিত করেছেন কমিটির চেয়ারম্যান লর্ড উড। প্রতিবেদনে বলা হয়েছে কেবল অভিবাসন বৃদ্ধি বা অবসরের বয়স বাড়িয়ে এই জটিল সমস্যার সমাধান সম্ভব নয়। এর পরিবর্তে বয়স্ক কর্মীদের কর্মক্ষেত্রে ধরে রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

হাউস অব লর্ডসের ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটির ‘প্রিপেয়ারিং ফর অ্যান এজিং সোসাইটি’ শীর্ষক প্রতিবেদনে এই উদ্বেগের কথা জানানো হয়েছে। কমিটির চেয়ারম্যান লর্ড উড অব আনফিল্ড বলেছেন যে জলবায়ু পরিবর্তন বা এআই-এর মতো চ্যালেঞ্জগুলোর তুলনায় জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি আগে থেকেই অনুমান করা যায়। কিন্তু বর্তমান ব্রিটিশ সরকার এই দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ মোকাবিলায় যথেষ্ট মনোযোগ দিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বর্তমান তরুণরা গড়ে ৯০ বছর পর্যন্ত বাঁচলেও সমাজ এখনো পুরনো নিয়মেই চলছে। যেখানে সাধারণ নিয়ম হচ্ছে স্কুল শেষ করে চাকরি করা এবং ৬০ এর কোঠায় অবসরে যাওয়া। লর্ডসদের মতে এই সনাতন কাঠামো পরিবর্তন না করলে ভবিষ্যৎ প্রজন্মের ওপর করের বোঝা এবং জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হবে যা তাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে।

কমিটির সুপারিশে বলা হয়েছে যে পেনশন পাওয়ার বয়স বাড়ানো বা জন্মহার বৃদ্ধির চেষ্টা করে এই সমস্যার পূর্ণ সমাধান হবে না। বরং ৫০ থেকে ৬০ বছর বয়সী মানুষদের কর্মক্ষেত্রে আরও বেশি সময় ধরে রাখতে হবে। এছাড়া বয়স্কদের সামাজিক সুরক্ষা বা সোশ্যাল কেয়ার খাতের দুরবস্থাকে একটি বড় কেলেঙ্কারি হিসেবে চিহ্নিত করে লর্ড উড দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন।

ব্রিটিশ সরকারের পক্ষ থেকে একজন মুখপাত্র জানিয়েছেন যে তারা বয়স্ক জনসংখ্যার চ্যালেঞ্জগুলো সম্পর্কে সচেতন আছেন এবং সুস্থ আয়ু বাড়াতে কাজ করছেন। তারা ২০২৮-২৯ সালের মধ্যে চার বিলিয়ন পাউন্ডের অতিরিক্ত তহবিল বরাদ্দ দেওয়ার মাধ্যমে একটি জাতীয় কেয়ার সার্ভিস গঠনের লক্ষ্যে কাজ করছেন। এছাড়া সাধারণ মানুষের কর্মসংস্থান বাড়াতে এবং দক্ষ শ্রমশক্তি গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে বিশেষ সংস্কার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

#যুক্তরাজ্য #তরুণপ্রজন্ম #জনসংখ্যা #লর্ডস #অর্থনীতি