অফিসিয়াল ব্যর্থতায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক কেয়ারারদের ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন

92

সাইফ হাসান: সরকারি ব্যর্থতার কারণে হাজার হাজার ক্ষতিগ্রস্ত সেবাদানকারী বা ‘কেয়ারার’দের মামলা পুনরায় খতিয়ে দেখবে যুক্তরাজ্য সরকার। একটি অফিসিয়াল পর্যালোচনায় বলা হয়েছে, সরকারি ভুল ও দুর্বল ব্যবস্থাপনার কারণেই তারা বিপুল ঋণের মুখে পড়েছেন। অনেকের উপর ২০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা চাপানো হয়েছিল, এমনকি কয়েকজন জেলও খেটেছেন। সরকার ভুলভাবে জারি করা জরিমানা বাতিল বা কমানোর প্রতিশ্রুতি দিয়েছে, তবে ক্ষতিপূরণের কোনো ঘোষণা দেওয়া হয়নি।

দীর্ঘ এক বছর ধরে গার্ডিয়ান পত্রিকার তদন্তের পরই এই পর্যালোচনা শুরু হয়। প্রতিবেদনে দেখা যায়, কেয়ারার অ্যালাউন্স সংক্রান্ত জটিলতার শিকার হয়ে অনেকে কঠিন জীবনযাপন করছেন এবং ডিডাব্লিউপি (DWP) কর্মীদের দ্বারা অপরাধীর মতো আচরণের শিকার হয়েছেন। ওয়েলফেয়ার সেক্রেটারি প্যাট ম্যাকফ্যাডেন জানিয়েছেন, এই ভুলগুলি শুধরে নিলে সেবাদানকারীদের সাথে সরকারের বিশ্বাস পুনরুদ্ধার হবে। তিনি পূর্ববর্তী সরকারের ভুলের কারণে তৈরি হওয়া এই জটিলতা সমাধানের আশ্বাস দিয়েছেন।

এই পর্যালোচনার নেতৃত্বে ছিলেন প্রতিবন্ধী নীতি বিশেষজ্ঞ লিজ সেইস। পর্যালোচনার ৪০টি সুপারিশের অধিকাংশই সরকার মেনে নিয়েছে বলে জানা গেছে। সেইস সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই নীতি সেবাদানকারীদের স্বাস্থ্য, আর্থিক অবস্থা ও পারিবারিক সুস্থতার ওপর বড় ধরনের প্রভাব ফেলেছিল। পর্যালোচনাটি ২০১৫ সাল থেকে হওয়া সমস্ত অতিরিক্ত পরিশোধের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

কেয়ারার অ্যালাউন্সের নিয়ম অনুযায়ী, যারা সপ্তাহে অন্তত ৩৫ ঘণ্টা প্রিয়জনের দেখাশোনা করেন, তারা সপ্তাহে ৮৩.৩০ পাউন্ড পাওয়ার যোগ্য, যদি তাদের পার্ট-টাইম কাজের সাপ্তাহিক উপার্জন ১৯৬ পাউন্ডের বেশি না হয়। কিন্তু উপার্জনের সীমা সামান্য বাড়লেও, সম্পূর্ণ সপ্তাহের অ্যালাউন্স ফেরত দিতে হয়। এই কঠোর ‘ক্লিফ-এজ’ নীতির কারণে সামান্য ভুলের জন্যও বিপুল অঙ্কের ঋণ তৈরি হয়েছে।

ডিডাব্লিউপি-এর এই ব্যর্থতা ‘পোস্ট অফিস স্ক্যান্ডালের’ সাথেও তুলনীয়। ডিডাব্লিউপি-এর কাছে প্রায় রিয়েল-টাইম ডেটা থাকা সত্ত্বেও তারা সেবাদানকারীদের সাপ্তাহিক উপার্জনের সীমা অতিক্রম করার বিষয়ে সতর্ক করেনি, যার ফলে বছরের পর বছর ধরে ঋণ জমা হতে থাকে। বর্তমানে অন্তত ১ লাখ ৪৪ হাজার সেবাদানকারী ২৫১ মিলিয়ন পাউন্ডের বেশি অতিরিক্ত পরিশোধের বোঝা বহন করছেন।

#কেয়ারার_অ্যালাউন্স #DWP_স্ক্যান্ডাল #যুক্তরাজ্য_সরকার #সেবাদানকারী #সরকারি_ব্যর্থতা