সাইফ হাসান: ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ ছুরি অপ*রাধ ও তরুণদের সহিংসতা দমনে তাদের বিশেষ ইউনিট আরও বড় করছে। ব্ল্যাক কান্ট্রিতে একটি নতুন টিম যোগ করা হচ্ছে। এই পদক্ষেপটি তরুণদের মধ্যে সহিংসতা কমানোর জন্য নেওয়া হয়েছে। গত এক বছরে এই ইউনিট ৪৫০টিরও বেশি অ*স্ত্র উদ্ধার করেছে। এবং প্রায় ৮০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
হোম অফিসের অর্থায়নে ‘প্রজেক্ট গার্ডিয়ান টাস্কফোর্স’-এর অধীনে চারটি দল কাজ করছিল। পুলিশ জানিয়েছে, এই মাস থেকে তারা পঞ্চম একটি দল চালু করছে। এই অতিরিক্ত কর্মকর্তারা এখন বার্মিংহাম, কভেন্ট্রি ও সোলিহালের পাশাপাশি ডডলি, স্যান্ডওয়েল, ওয়ালসাল এবং উলভারহ্যাম্পটন এলাকাতেও কাজ করবে।
গত বছর অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স (ওএনএস)-এর তথ্য অনুযায়ী, ইংল্যান্ড এবং ওয়েলসের মধ্যে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ এলাকায় ছুরি অপরাধের হার ছিল সর্বোচ্চ। তবে, গত মাসে পুলিশের প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, ওয়েস্ট মিডল্যান্ডসে মোট অপরাধ ৬%, ছুরি অপরাধ ১৬% এবং তরুণদের গুরুতর সহিংসতা ১৩% কমেছে।
এই টাস্কফোর্সে এখন মোট ৫০ জন কর্মকর্তা রয়েছেন। তারা সাদা পোশাকে অভিযান, দৃশ্যমান টহল এবং তথ্য অনুযায়ী হটস্পট এলাকাগুলোতে নজরদারি চালান। এছাড়া তারা ভায়োলেন্স রিডাকশন পার্টনারশিপের সাথে কাজ করে তরুণদের অপরাধ থেকে দূরে রাখার চেষ্টা করেন।
অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল পল ড্রভার বলেছেন, “এই টাস্কফোর্স ছুরি অপরাধ এবং তরুণদের সহিংসতা কমাতে সত্যিকারের পরিবর্তন আনছে।” তিনি আরও বলেন, “বাহিনীর এই বিনিয়োগ টাস্কফোর্সের প্রভাব আরও বাড়াতে এবং আমাদের সম্প্রদায়কে নিরাপদ রাখতে সাহায্য করবে। আমরা সবাই রাস্তায় অস্ত্রের ভয়াবহ পরিণতি দেখেছি।”
#ওয়েস্টমিডল্যান্ডস #ছুরিঅপরাধ #যুক্তরাজ্য #ব্ল্যাককান্ট্রি #অপরাধদমন















