সাইফ হাসান: ৭০ বছরের দাম্পত্য জীবন উদযাপন করলেন ইংল্যান্ডের টানব্রিজ ওয়েলসের প্যাটি ও বব এগারটন। ১৯৫৫ সালের ৮ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। সুখী সংসারের রহস্য জানতে চাইলে দম্পতি বলেন, কখনো ঝগড়া করে ঘুমাতে যেও না। তারা বলেন, একে অপরের সঙ্গে হাসি-আনন্দ ভাগ করে নেওয়াই সুখী জীবনের মূল চাবিকাঠি।
প্যাটি ও বব দুজনই বার্মিংহামের একটি উলওয়ার্থস দোকানে কাজ করতেন, সেখানেই তাদের পরিচয়। হল গ্রিন চার্চে তাদের বিয়ে হয় এবং বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্যাটির খালার বাড়ির বাগানে। প্যাটি নিজ হাতে তৈরি পোশাক পরেছিলেন সেই বিশেষ দিনে।
বিয়ের পর হানিমুনে তারা গিয়েছিলেন বর্নমাউথে, যেখানে এক সপ্তাহের জন্য খরচ হয়েছিল মাত্র ৭ পাউন্ড ৫০ পেন্স। বব জানান, বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার এক সপ্তাহ পরই তাকে আবার নাইটশিফটে কাজে যোগ দিতে হয়েছিল।
দীর্ঘ কর্মজীবনে বব দোকানের কর্মী থেকে শুরু করে সংগীত কেনাবেচার গুরুত্বপূর্ণ পদে উন্নীত হন। সেই সময়ে তারা ১৭ বার বাড়ি বদল করেন এবং শেষ পর্যন্ত টানব্রিজ ওয়েলসে স্থায়ী হন মেয়েদের কাছাকাছি থাকার জন্য।
তাদের ৭০তম বিবাহবার্ষিকী উপলক্ষে রাজা চার্লস তৃতীয় ও রানি ক্যামিলা অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। এর আগে রানী এলিজাবেথ দ্বিতীয়ও তাদের ৬০ ও ৬৫তম বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছিলেন। এবারও তারা পরিবারের সঙ্গে বাগানে একটি ছোট অনুষ্ঠান করছেন, যেখানে প্রতিটি টেবিলের নাম রাখা হয়েছে পুরনো উলওয়ার্থস দোকানের বিভাগগুলোর নামে।















