প্রতারক নির্মাণকর্মীর কারাদণ্ড, ঘরবাড়ি মেরামতে ক্ষতিগ্রস্ত ২৯ পরিবার

172

সাইফ হাসান: ডার্লিংটনের বাসিন্দা নির্মাণকর্মী জেমস বেল ছয় বছরে ২৯ জন গৃহমালিকের কাছ থেকে ভুয়া কাজের অজুহাতে ১ লাখ ৩০ হাজার পাউন্ড আত্মসাৎ করেছেন। তিনি কাজ শুরু করলেও শেষ না করে অজুহাত দেখিয়ে টাকা রেখে দেন। নিউক্যাসল ক্রাউন কোর্ট তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। আদালত বলেন, বেল ইচ্ছাকৃতভাবে প্রতারণা করেছেন এবং অসংখ্য পরিবারকে মানসিক ও আর্থিক ক্ষতির মুখে ফেলেছেন।

২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে রেডকার ও নর্থাম্বারল্যান্ড এলাকায় তিনি বিভিন্ন নির্মাণকাজের অগ্রিম টাকা নিয়েছিলেন। কেউ কেউ নতুন রান্নাঘর, কেউ ঘর সম্প্রসারণ বা ছাদ মেরামতের জন্য টাকা দিলেও বেল কাজ শুরু করে মাঝপথে ছেড়ে দেন বা একেবারেই হাজির হননি। একাধিক ভুক্তভোগী জানান, তার দেওয়া অজুহাতের তালিকা ছিল অন্তহীন — কখনো বলতেন তার ক্যান্সার হয়েছে, কখনো বলতেন বোন অসুস্থ বা ভ্যান নষ্ট হয়ে গেছে।

৭০ বছরের এক নারী জানান, তিনি বেলকে ১০ হাজার পাউন্ড দিয়েছিলেন রান্নাঘর সংস্কারের জন্য, কিন্তু কোনো কাজই হয়নি। এক দম্পতি জানান, তারা ১৬ হাজার পাউন্ড দিয়েছিলেন নতুন শোবার ঘর ও টয়লেট নির্মাণে, কিন্তু বেল কিছু অসম্পূর্ণ কাজ রেখে উধাও হয়ে যান। বিশেষজ্ঞের মতে, বেলের কাজের প্রকৃত মূল্য ছিল মাত্র ৮৭৫ পাউন্ড, বরং পুরোটা ভেঙে নতুন করে শুরু করতে খরচ পড়বে আরও ১৩০০ পাউন্ড।

অন্য এক নারী জানান, বেল তার ছাদের কাজ এত খারাপ করেছিলেন যে, দেয়াল বেয়ে পানি নামতে শুরু করে। পরে তাকে অন্য নির্মাণকর্মী ডেকে ৩০ হাজার পাউন্ড খরচ করে মেরামত করাতে হয়। অনেক ভুক্তভোগী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং এখন আর কোনো নির্মাণকর্মীর ওপর বিশ্বাস রাখতে পারছেন না।

বিচারক এডওয়ার্ড বিন্ডলস রায়ে বলেন, বেল ইচ্ছাকৃতভাবে দীর্ঘদিন প্রতারণা চালিয়ে গেছেন এবং তদন্ত চলাকালেও নতুন ভুক্তভোগীদের সঙ্গে চুক্তি করেছেন। তার “মিথ্যা, প্রতারণা ও ফাঁকিবাজি”র মাত্রা ছিল গুরুতর। বেলের কাছে ক্ষতিপূরণের মতো কোনো সম্পদ না থাকায় ভুক্তভোগীদের অর্থ ফেরত দেওয়া সম্ভব হয়নি।