সাইফ হাসান: টানা খরার পর স্টর্ম অ্যামির বৃষ্টিতে ইয়র্কশায়ারের জলাধারগুলোতে পানি বেড়েছে বলে জানিয়েছে ইয়র্কশায়ার ওয়াটার। টানা চার সপ্তাহ ধরে পানি বৃদ্ধি পেলেও এখনো গড় মানের নিচে রয়েছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে পানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫২ দশমিক ৯ শতাংশে। সংস্থাটি জানায়, জুলাই মাসের পর এ প্রথম জলাধারের পানি ৫০ শতাংশের বেশি হয়েছে।
ইয়র্কশায়ারে দীর্ঘ খরার কারণে বছরের শুরুতে খরা পরিস্থিতি ঘোষণা করা হয়েছিল। এ বছর যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে গরম গ্রীষ্ম দেখা দেয়, যার পর থেকেই ১১ জুলাই থেকে এলাকায় হোসপাইপ নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।
ইয়র্কশায়ার ওয়াটারের পানি সেবাবিভাগের পরিচালক ডেভ কে বলেন, “গত চার সপ্তাহে ভারি বৃষ্টি ও স্টর্ম অ্যামি কিছুটা স্বস্তি এনে দিয়েছে। এতে জলাধার, ভূগর্ভস্থ পানি এবং নদীগুলো পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছে।”
তবে তিনি জানান, পানির পরিমাণ এখনো বছরের এই সময়ের গড় মানের নিচে রয়েছে। সম্প্রতি পরিবেশ সংস্থা ইয়র্কশায়ার ওয়াটারকে ১৯টি জলাধারে পানি সংরক্ষণের অনুমতি দিয়েছে, যাতে ছয় মাসের জন্য নদীতে পানি ছাড়ার হার কমানো যায়।
ডেভ কে আরও বলেন, এসব পদক্ষেপ আগামী কয়েক মাসে জলাধারের মজুদ পুনরুদ্ধারে সহায়তা করবে। তবে তিনি সতর্ক করে দেন, “এখনো অনেক পথ বাকি। ইতিহাসের সবচেয়ে শুষ্ক বসন্ত ও উষ্ণতম গ্রীষ্মের প্রভাব কাটতে সময় লাগবে।”
তিনি আশা প্রকাশ করেন, শরৎ ও শীতের বৃষ্টিতে পরিস্থিতি আরও উন্নত হবে এবং ২০২৬ সালের বসন্ত-গ্রীষ্মে তারা ভালো অবস্থানে পৌঁছাতে পারবেন। জলাধারের স্তর পুরোপুরি স্বাভাবিক হলে তবেই হোসপাইপ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানান তিনি।















