সাইফ হাসান: প্রাক্তন প্রেমিকাকে প্রতারণা করে সঞ্চয়ের টাকা হাতিয়ে নেওয়া এক ব্রিটিশ প্রতারক আদালতে সরাসরি উপস্থিত থাকবেন না। ৫২ বছর বয়সী মার্ক অ্যাকলম অনলাইনের মাধ্যমে শুনানিতে যোগ দেবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। তিনি আগে প্রেমিকার কাছ থেকে প্রায় তিন লাখ পাউন্ড আত্মসাৎ করেন। দীর্ঘ পাঁচ বছর ধরে আদালত তার সম্পদ উদ্ধার নিয়ে কাজ করছে। ডিসেম্বরের শেষ দিকে মামলার চূড়ান্ত শুনানি হবে।
মার্ক অ্যাকলম ২০১২ সালে গ্লুচেস্টারশায়ারে ক্যারোলিন উডস নামে এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই সময় তিনি নিজেকে এমআই৬-এর গোয়েন্দা কর্মকর্তা ও সুইস ব্যাংকার হিসেবে পরিচয় দেন। প্রেমের সুযোগে এক বছরের মধ্যে তিনি তার কাছ থেকে মোট তিন লাখ পাউন্ড হাতিয়ে নেন।
২০১৯ সালে ব্রিস্টল ক্রাউন কোর্টের বিচারক মার্টিন পিকটন তাকে কারাদণ্ড দেন। এরপর প্রসিকিউশন পক্ষ প্রোসিডস অব ক্রাইম আইনের আওতায় অর্থ পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করে। আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর ওই মামলার চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে।
আদালতে ভিডিও লিংকের মাধ্যমে হাজির হওয়া অ্যাকলমের অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। জানা গেছে, তিনি বর্তমানে স্পেনে তার স্ত্রী ও দুই সন্তানসহ বসবাস করছেন। ২০২১ সালে তাকে সেখান থেকে যুক্তরাজ্যে প্রত্যর্পণ করা হয়েছিল।
অ্যাকলমের আইনজীবী মার্টিন শার্প জানান, তার মক্কেল আসন্ন দুটি শুনানিতেও অনলাইনের মাধ্যমে যোগ দেবেন। শার্প বলেন, “তিনি নিজেই অনলাইন ব্যবস্থার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।”















