শীতকালে বৃদ্ধদের খাবার পৌঁছাতে স্বেচ্ছাসেবক সংকটে এজ ইউকের আবেদন

56

সাইফ হাসান: ডার্লিংটনের এজ ইউক শীতকালে বৃদ্ধদের গরম খাবার পৌঁছে দিচ্ছে। কিন্তু স্বেচ্ছাসেবক সংকটে পড়েছে সংস্থাটি। এই শীতে খাবারের চাহিদা ২৫ শতাংশ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এজন্য নতুন ড্রাইভার খুঁজছে প্রতিষ্ঠানটি। অনেক প্রবীণ মানুষের কাছে এটি দিনের একমাত্র সামাজিক যোগাযোগ।

এজ ইউক ডার্লিংটন ও নর্থ ইয়র্কশায়ারের প্রধান নির্বাহী ফে স্কালিয়ন জানান, জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় অনেকে ঘরে রান্না করতে চাইছেন না। ফলে খাবার ডেলিভারির চাহিদা দ্রুত বাড়ছে। গত শীতেও ২০ শতাংশ চাহিদা বেড়েছিল বলে তিনি উল্লেখ করেন।

প্রতি সপ্তাহে প্রায় ১২০টি খাবার পৌঁছে দেয় সংস্থাটি। এর মধ্যে ৬৪ বছর বয়সী আনিতা উইলসন পাঁচ বছর ধরে নিয়মিত স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। অবসরে যাওয়ার পর তিনি সমাজের জন্য কিছু করতে চেয়েছিলেন। আনিতা বলেন, “মানুষের দরজায় গিয়ে দেখা, কথা বলা—এগুলো তাদের অনেক আনন্দ দেয়। অনেকের কাছে আমি দিনের একমাত্র অতিথি।”

আনিতার প্রথম গন্তব্যে ছিলেন ৮৯ বছর বয়সী জুন। তিনি একা থাকেন এবং হাঁটাচলায় অসুবিধা আছে। জুন বলেন, “আনিতা শুধু ডেলিভারি ড্রাইভার নন, তিনি আমার বন্ধু। শীতে একাকিত্ব খুব কষ্ট দেয়, আর তিনি আসলে মন ভালো হয়ে যায়।”

বর্তমানে নয়জন ড্রাইভার নিয়ে কাজ চালাচ্ছে এজ ইউক। তবে সংস্থাটি স্বেচ্ছাসেবক সংখ্যা দ্বিগুণ করতে চায়। এজন্য যারা গাড়ি চালাতে পারেন এবং খাবার বহন করার মতো সক্ষম, তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।