লেবারকে ভোট দেওয়া নতুন আসনগুলোতে ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া, কেউ খুশি কেউ হতাশ

79

সাইফ হাসান: গত বছরের নির্বাচনে প্রথমবার লেবারকে ভোট দিয়ে জয় এনে দিয়েছিল কয়েকটি আসন। এক বছর যেতে না যেতেই অনেক ভোটার এখন হতাশা প্রকাশ করছেন। আবার কেউ কেউ এখনো মনে করেন পরিবর্তন দরকার ছিল। কেউ লেবার সরকারের কাজকে ইতিবাচক বললেও অনেকে মনে করছেন প্রত্যাশা পূরণ হয়নি। সামনে সম্মেলনকে ঘিরে এসব ভোটারের মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে।

গত বছরের ৪ জুলাইয়ের নির্বাচনে এসেক্সের সাউথএন্ড ও সাফোকের বারি সেন্ট এডমন্ডস অ্যান্ড স্টোমার্কেট আসনে ইতিহাসে প্রথমবার কনজারভেটিভদের হারিয়ে লেবার জয়ী হয়। শত বছরেরও বেশি সময় ধরে কনজারভেটিভদের দখলে থাকা এসব এলাকায় হঠাৎ পাল্টে যায় রাজনৈতিক মানচিত্র।

ভোটার গ্রেস ডাফিন বলেন, তিনি সারা জীবন কনজারভেটিভ সমর্থন করলেও এবার পরিবর্তনের আশায় লেবারকে ভোট দিয়েছিলেন। কিন্তু এনএইচএসে কাজ করেও কোনো উন্নতি না হওয়ায় এখন খানিকটা অনুতপ্ত। অন্যদিকে লরা প্রাইম বলেন, তিনি কনজারভেটিভকে ভোট দিলেও লেবারের কাছ থেকে আরও অনেক কিছু আশা করেছিলেন মানুষ, কিন্তু হতাশা দেখা দিচ্ছে।

তবে ক্লেয়ার টিটকমের মতো ভোটাররা এখনো খুশি। তিনি বলেন, দেশের অন্যরকম নেতৃত্ব দরকার ছিল, তাই লেবার আসায় ভালো হয়েছে। যদিও স্বীকার করেন, কিছু নীতিতে মানুষ অসন্তুষ্ট, তবে এটি কেবল সাময়িক ধাপ বলে মনে করেন তিনি।

স্থানীয় এমপি পিটার প্রিন্সলি জানান, তিনি দলের জনপ্রিয়তা নিয়ে এখনই উদ্বিগ্ন নন। তার মতে, সরকার যা করছে তা সাধারণ মানুষের কাছে পরিষ্কারভাবে তুলে ধরতে পারছে না। তিনি প্রধানমন্ত্রীকে আরও বেশি দৃশ্যমান হয়ে জনগণের কাছে বার্তা পৌঁছানোর আহ্বান জানান।

সাউথএন্ডে ভোটার জন নাইট জানান, তিনি প্রথমবার কনজারভেটিভ ছেড়ে লেবারকে ভোট দিয়েছেন এবং এখনো খুশি। তিনি কেয়ার স্টারমারের ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাকে ভালো মনে করেন। তবে একই এলাকায় অ্যাঞ্জেলা র্যাটক্লিফ নামের এক ভোটার অভিযোগ করেন, লেবার সাধারণ মানুষের প্রতি উদাসীন এবং পেনশনভোগীদের দুর্দশার কথা তারা শোনে না।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, লেবার সামনে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। কারণ সাউথএন্ড ও বারি সেন্ট এডমন্ডসের মতো আসনগুলো ধরে রাখা সহজ হবে না। তবে ২০২৯ সালের নির্বাচন পর্যন্ত এখনো সময় আছে, তাই জনপ্রিয়তা ফেরাতে সরকার কী করে সেটিই এখন দেখার বিষয়।