সাইফ হাসান: ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডসে টেকঅ্যাওয়ে দোকান থেকে কার্বন মনোক্সাইড লিক হয়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এই ঘটনায় সাতজনকে হাসপাতালে নিতে হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মৃত ব্যক্তি ছিলেন পঞ্চাশের কোঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেনারেটরের বিষাক্ত গ্যাস থেকেই এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটে শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটে ব্লক্সউইচ এলাকার ক্রেসওয়েল ক্রিসেন্টে টিমিস পিজা নামের একটি দোকানে। পুলিশ জানায়, দোকানের ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয় এবং সাতজনকে চিকিৎসা দেওয়া হয়, যাদের মধ্যে জরুরি বিভাগের কর্মীরাও ছিলেন।
প্রত্যক্ষদর্শী কারা জ্যাকসন জানান, তিনি পাশের দোকানে কাজ করার সময় অ্যাম্বুলেন্স ও পুলিশ ঘটনাস্থলে আসে এবং মেডিকেল টিম মৃত ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করেছিল। তিনি বলেন, রাতে গ্যাস শ্বাস নেওয়ায় তিনিও অসুস্থ বোধ করছিলেন এবং ফায়ার ব্রিগেড জানিয়েছিল ঘুমালে আর জেগে উঠতে পারতেন না।
ওয়ালসালের কাউন্সিলর মাইকেল কোলসন ঘটনাটিকে ভয়াবহ দুর্ঘটনা উল্লেখ করে বলেন, দোকানটিতে সংস্কারের কাজ চলছিল এবং সম্ভবত জেনারেটর থেকে বিষাক্ত গ্যাস বের হয়েছিল। তিনি আরও জানান, আশেপাশের কয়েকটি দোকান সাময়িকভাবে বন্ধ করা হলেও শনিবার থেকে পুনরায় খোলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, স্বাস্থ্য ও সুরক্ষা সংস্থার সঙ্গে মিলে ঘটনার তদন্ত চলছে। তাদের মতে, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা এবং মৃত ব্যক্তির পরিবার ও অসুস্থদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।















