দাদার স্মৃতিতে বিশ্বভ্রমণে সাইকেলে যুবক, ৬৬০০ কিমি পেরিয়ে ভারতের পথে

111

সাইফ হাসান: দাদার অনুপ্রেরণায় বিশ্বভ্রমণে নেমেছেন যুক্তরাজ্যের যুবক ফিনলে টাস্টিং। মাত্র ২৫ বছর বয়সে তিনি সাইকেলে ৬৬০০ কিলোমিটার ঘুরেছেন। যাত্রা শুরু করেছিলেন গত মে মাসে নর্থহ্যাম্পটনশায়ারের বাড়ি থেকে। লক্ষ্য ২০২৬ সালের মধ্যে প্রায় ৪০ হাজার কিলোমিটার ভ্রমণ। এর মাধ্যমে তিনি তহবিল সংগ্রহ করছেন বঞ্চিত শিশুদের সহায়তায়।

ফিনলে টাস্টিং-এর দাদা জন টাস্টিং ২০ বছর আগে বেডফোর্ডের কাছে কার্লটনে একটি ১২শ শতাব্দীর গির্জায় ‘চেলিংটন সেন্টার’ নামে যুবকদের জন্য আউটডোর অ্যাক্টিভিটি সেন্টার গড়ে তুলেছিলেন। ফিনলে জানান, এই কেন্দ্রের বৃত্তি তহবিলের জন্য তিনি ইতিমধ্যে চার হাজার পাউন্ড তুলতে পেরেছেন, যা দরিদ্র শিশুদের সেখানে থাকার সুযোগ করে দেবে।

বর্তমানে ফিনলে ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর ইরোডে অবস্থান করছেন। এর আগে তিনি ফ্রান্স, ইতালি, বলকান অঞ্চল, জর্জিয়া হয়ে উজবেকিস্তানে যান এবং পরে ভারত পৌঁছান। ভ্রমণের পথে তিনি তাজিকিস্তান ও কিরগিজস্তানের পার্বত্য অঞ্চল দিয়ে ৪৬০০ মিটার উচ্চতার ‘পামির হাইওয়ে’ অতিক্রম করেছেন, যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সড়ক।

সাইকেলশিল্পে কাজ করা এই অভিযাত্রী জানান, দাদার মতো তিনিও সমাজের জন্য কিছু করতে চান। তিনি বিশ্বাস করেন, তার প্রচেষ্টা আরও বেশি তরুণকে চেলিংটন সেন্টারের মতো জায়গায় নিয়ে যাবে, যেখানে তারা নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবে।

ফিনলে জানিয়েছেন, এ যাত্রায় তিনি প্রায় ২০টি দেশ অতিক্রম করবেন। ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “সাইকেল ভ্রমণ পৃথিবীর সেরা বিষয়। গন্তব্য যেমন গুরুত্বপূর্ণ, তার মাঝের পথও ততটাই দারুণ।”